২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে নিয়োগ বাণিজ্য তদন্ত শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে। মঙ্গলবার প্রথমদিনে কমিটির সদস্যরা উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছেন। গত ৮ অক্টোবর তিন সদস্যের এই কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি’র সদস্য অধ্যাপক মোহাম্মদ মহাব্বত হোসেন খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়। কমিটির সদস্য সচিব হলেন ইউজিসি’র উপ-সচিব ফেরদৌস জামান এবং ইউজিসি সদস্য অধ্যাপক আবুল হাশেম। কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহাব্বত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটি বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান আলীর সাক্ষাৎকার নেয়। বুধবার আন্দোলনরত শিক্ষক সমিতি ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলবে কমিটি। গত ৭ ও ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৩ মাস ধরে অচল হয়ে আছে ইবির একাডেমিক কার্যক্রম। এ নিয়োগে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। প্রশাসনের ওই তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ দাবিতে শিক্ষা কার্যক্রম থেকে বিরত আছেন আন্দোলনরত শিক্ষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০৫১ ঘ.