২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতি

রোগীর স্বজনের হামলার প্রতিবাদ এবং দোষীর গ্রেপ্তারের দাবিতে মাগুরা সদর হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

মাগুরা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীর স্বজনের হামলার প্রতিবাদ এবং দোষীর গ্রেপ্তারের দাবিতে মাগুরা সদর হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতি দাবি না মানা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান চিকিৎসকরা। শহরের বিভিন্ন ক্লিনিকেও চিকিৎসা বন্ধ রয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ’র মাগুরা জেলা সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুন্ডু বলেন, শনিবার (২৪ নভেম্বর) রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম টিপু নামে এক রোগী হাসপাতালে আসেন। তাৎক্ষণিকভাবে অক্সিজেন দিয়ে তার চিকিৎসা শুরু হয়। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এ সময় রোগীর ছেলে বাপ্পি হাসান এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. নির্মল কুমার বিশ্বাসকে গালাগাল দেয় এবং মারধর করে। এর আগেও বিভিন্ন রোগীর স্বজন ও বহিরাগত মাস্তানদের হাতে একাধিক চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে বলে এই বিএমএ নেতা অভিযোগ করেন। তিনি আরো বলেন, এ বিষয়ে সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সোমবার চিকিৎসকদের এক সভায় সিদ্ধান্ত হয়, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার না করা পর্যন্ত সদর হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সকল বিভাগে চিকিৎসা বন্ধ থাকবে। এছাড়া শহরের সকল ক্লিনিক ও চেম্বারেও চিকিৎসকরা স্বাস্থ্যসেবা বন্ধ রাখবেন বলে তিনি জানান। মাগুরা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, চিকিৎসকের উপর হামলার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৫ ঘ.