ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের ওপর হামলার ঘটনার পেছনে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার পাশাপাশি ‘গোপন উদ্দেশ্য’ রয়েছে।
গণভবনে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন কমিটির প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করাকে সরকারে অর্জন হিসাবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, “তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা তো ছেড়ে দেবে না। চোরাগোপ্তা হামলা করছে। পুলিশের ওপর হামলা করছে। তাদের একটা হিডেন অ্যাজেন্ডা আছে।”
এর বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে প্রতিহত করার কথাও বলেন সরকার প্রধান।
যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চলতি মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির। রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও তাদের হামলার মুখে পড়ে। এ ছাড়া জয়পুরহাটে এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয় ছাত্রশিবিরের কর্মীরা।
এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদৈর বিচার শেষ হলে জনগণের আত্মবিশ্বাস বাড়বে। দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে।”
সবার কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বা জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “জাতি আত্মবিশ্বাসী না হলে উন্নতি করতে পারে না। স্বাধীনতার ত্যাগ আমরা বৃথা যেতে দেব না।”
বিজয় দিবস উদযাপন কমিটির কমিটির প্রধান হিসাবে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছে দলের কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম।
বরিশালের জনসভায় প্রধানমন্ত্রী, তার বোন, মেয়ের জামাইসহ পরিবারের সদস্যদের দুর্নীতিবাজ বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, “খালেদা জিয়া এসব বলার পর দিনই ছেলের পাচার করা টাকা সিঙ্গাপুর থেকে দেশে আসে। একেই বলে আল্লাহর মাইর, দুনিয়ার বাইর।”
খালেদা জিয়ার পরিবারকে হেয়প্রতিপন্ন করতে নয়, বরং অর্থ পাচারের এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ক্ষুণœ হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কার্যনির্বাহী সংসদের সদস্য, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুসসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছিলেন।
আ.লীগের মাসব্যাপী কর্মসূচি
এদিকে বিজয় দিবস উপলক্ষে ৩ ডিসেম্বর থেকে মাসব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই কর্মসূচীর উদ্বোধন করবেন।
বিজয় দিবসের এই কর্মসূচী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভে শিখা চিরন্তনের পাশে আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হবে।
বিজয় দিবস উদযাপন কমিটির বৈঠক শেষে সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২০৪ ঘ.
bdnews24