চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সারা দেশে জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির যে সহিংসতা চালাচ্ছে তা প্রতিহত করার আহবান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে সিপিবি কার্যালয়ে দলটির চট্টগ্রাম জেলা সংসদের কর্মী সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য জামাত-শিবির সারা দেশে এ তাণ্ডব চালাচ্ছে।
যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চলতি মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াত-শিবিরকর্মীরা।
এরমধ্যে রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও ছাত্রশিবিরের হামলার মুখে পড়ে। এছাড়া জয়পুরহাটে এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয় ছাত্রশিবিরের কর্মীরা।
সমাবেশে সিপিবি নেতারা বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে জামাত-শিবির প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হয়েছে।
যুক্তরাষ্ট্রের পরামর্শ মতে জামায়াতের সঙ্গে কোনো ধরনের সংলাপের প্রয়োজন নেই বলেও কমিউনিস্ট পার্টির নেতারা মন্তব্য করেন।
তারা বলেন, সন্ত্রাসী তাণ্ডব, উগ্র জঙ্গিবাদ ও রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত জামাতের সঙ্গে সংলাপে বসে সমঝোতা করার পরামর্শ দুরভিসন্ধিমূলক।
সারা দেশে জামাত-শিবিরের সহিংসতার মধ্যে গত ১৫ নভেম্বর সংকট নিরসনে সংলাপের পরামর্শ দেয় যুক্তরাষ্ট্র।
সেদিন যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, “শান্তিপূর্ণ প্রতিবাদে জড়িত হওয়া একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার; সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা বিশ্বাস করি, সংলাপই যে কোনো মতপার্থক্য দূর করার উত্তম পন্থা।”
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ওই পরামর্শ নাকচ করে সহিংস কর্মকাণ্ডে জড়িতদের দমনের ঘোষণা দিয়েছেন।
কর্মী সমাবেশ থেকে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে তাদের দমন করারও দাবি জানান কমিউনিস্ট পার্টির নেতারা।
মছিউদদৌল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে সিপিবির সভাপতি মণ্ডলির সদস্য আহসান হাবিব লাবলু, শাহ আলম, অশোক সাহা প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/২২২৬ ঘ.
bdnews24