২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে দুই বাংলার স্বজনদের মিলনমেলা

প্রতিবছরের মতো এবারো ঠাকুরগাঁওয়ের কুলিক নদীর পাড়ে দু’দেশের স্বজনরা দেখা করেছেন, কথা বলেছেন, মিষ্টি বিনিময় করেছেন। মাঝখানে কাঁটাতারের বেড়া নিয়ে হাসি-কান্নায় এক অন্য ধরনের মিলনমেলায় মেতেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবছরের মতো এবারো ঠাকুরগাঁওয়ের কুলিক নদীর পাড়ে দু’দেশের স্বজনরা দেখা করেছেন, কথা বলেছেন, মিষ্টি বিনিময় করেছেন। মাঝখানে কাঁটাতারের বেড়া নিয়ে হাসি-কান্নায় এক অন্য ধরনের মিলনমেলায় মেতেছেন তারা। পাথর কালীর মেলা উপলক্ষে শুক্রবার দুপুর দুইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই মেলা। কাঁটাতারের দুইপাশে থেকে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা স্বজনদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন। কেউ কেউ আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। ব্রিটিশ আমল থেকেই প্রতিবছর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কোচল সীমান্তে কুলিক নদীর পাড়ে ‘পাথর কালীর মেলা’ হয়ে আসছে। দেশ স্বাধীনের পর মেলাটি বাংলাদেশ অংশে পড়লেও ভারতীয়রাও এতে অংশ নেয়। মেলা উপলক্ষে সীমান্তে কিছুটা শিথিলতা থাকে। স্বজনদের সঙ্গে দেখা করতে কয়েকদিন আগে থেকেই বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ স্থানীয় আতœীয়-স্বজনদের বাড়িতে ওঠে। শুক্রবার ভোর থেকেও রিকশা, ভ্যান, মোটরসাইকেল, টেম্পু, মাইক্রোবাস, নছিমনযোগে কয়েকহাজার মানুষ মেলায় আসে। মেলায় কথা হয় শেফালী রানী, প্রমিলা ঘোষ, সত্যেন্দ্র নাথ, হরিপদসহ অনেকের সঙ্গে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রসনপুর গ্রামের সাবিনা বেগম (৪৫) দেখা করেছেন তার মেয়ে আদরীর সঙ্গে। বিয়ের সূত্রে ১৫ বছর ধরে ভারতের মালদা জেলার আন্ধার গ্রামে ধাকেন আদরী। বিয়ের পর এই প্রথম মেয়ের দেখা পেয়ে প্রথমে কান্নায় ভেঙ্গে পড়েন সাবিনা। পরে মেয়ে ও জামাইকে কাপড় ও মিষ্টি দেন তিনি। ভারতের স্বজনদের সঙ্গে দেখা করতে আসা জয়পুরহাটের পূর্ণিমা বলেন, ২০ বছর আগে ছোট বোন পুর্মিলার বিয়ে হয় ভারতের আলিয়াগঞ্জ গ্রামে। বিয়ের পর আর দেখা হয়নি। আজ বোনের সঙ্গে কাঁটাতারের এপারে থেকে কথা বলেছেন। তাদেরকে মিষ্টি দিতে খাইয়েছেন। কাঁটা তারের ফাঁক দিয়ে ১৫ বছর পর পরেশ চন্দ্র তার মা ভারতী রাণীকে মিষ্টি ও শাড়ি দিতে পেরে খুব খুশি হয়েছেন। কোঁচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলন মেলায় দুই দেশের কোনো অনুমতি ছিল না। তবে অনেকেই কাঁটাতারের এপার-ওপারে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছেন। হরিপুর থানার ওসি যতীন্দ্র নাথ শর্ম্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেকে কাঁটাতারের দু’পাশে দাঁড়িয়ে কথা বলেছেন ও খাদ্য সামগ্রী বিনিময় করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৫৬ ঘ.