ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৬ কেজি হেরোইন আটক মামলার আসামি মোহাম্মদ আলীকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন।
মোহাম্মদ আলীর জামিন আবেদন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষে যুক্তি দেখানো হয়, আসামি মোহাম্মদ আলী আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের অন্যতম সক্রিয় সদস্য। তাই তার জামিন আবেদন নামঞ্জুর করা হোক।
মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
আসামি পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু মোহাম্মদ আলীর পক্ষে জামিন চেয়ে আদালতে বলেন , মোহাম্মদ আলীর কাছ থেকে হেরোইন উদ্ধার হয়নি। তিনি এই চক্রের সঙ্গে জড়িত নন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২৬ কেজি হেরোইন আটকের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত ২০ অক্টোবর মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।
মামলায় তাকে ছয় দিনের হেফাজতে নেয় পুলিশ। মহানগর হাকিম হারুন অর রশীদ তার জামিন আবেদন নাকচ করে দেন।
আদালতের ওই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ জহুরুল হক তার জামিন মঞ্জুর করেন।
এ মামলার অন্যতম আসামি জলিল আহম্মেদ এর আগে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, মোহাম্মদ আলী ২৬ কেজি হেরোইন পাচারের সঙ্গে জড়িত।
ভারত থেকে হেরোইনের কাঁচামাল আমদানি করে বাংলাদেশ থেকে মালেয়িশায় পাচার করা হতো। এর সঙ্গে অনেকেই জড়িত। মাদক চোরাচালান চক্রের অন্যতম আসামি রাশেদ পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মতিয়ার রহমান আদালতে মোহাম্মদ আলীকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলেন, মোহাম্মদ আলী এ চক্রের অন্যতম সদস্য। পলাতক অপর আসামি রাশেদের সঙ্গে মোবাইল ফোনে তিনি যোগাযোগ করতেন। মোবাইল ফোনের কললিস্টে এর প্রমাণ রয়েছে।
এ মামলায় কারাগারে আটক আছেন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের অন্যতম সদস্য আব্দুল হাকিম, জলিল আহম্মেদ, শরিফুল ইসলাম খান ও সোলায়মান কবির।
গত ১৫ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২৬ কেজি হেরোইন আটক করা হয়। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় গত ১৮ অক্টোবর মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/০০১৪ ঘ.
bdnews24