ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীকে বসবাসের অযোগ্য মনে করা ‘হীন মানসিকতার’ পরিচায়ক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বৃহস্পতিবার ‘বাংলাদেশ আরবান ফোরাম (বিইউএফ)’-এর আন্তঃমন্ত্রণালয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা বলেন।।
পৃথিবীর অনেক উন্নত দেশের শহরের সূচকগুলো থেকে ঢাকা পিছিয়ে নেই- এমন দাবি করে মান্নান খান বলেন, তাই আমাদের কারোরই এ ধরনের মানসিকতা থাকা উচিত নয়।
ঢাকা শহরের অনেক সমস্যার কথা স্বীকার করে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, এতো সমস্যার পরও তো কেউ ঢাকা ছাড়ে না। বরং আরো মরিয়া হয়ে মানুষ এই নগরীতে আসছে। বিরক্ত হয়ে কেউ ঢাকা ছেড়েছেন শুনলে তিনি খুশি হতেন বলেও জনান।
ঢাকার এ অবস্থার জন্য ‘স্বৈরশাসনকে’ দায়ী করেন মান্নান খান।
“স্বাধীনতার ৪০ বছরের মধ্যে ৩০ বছর কেটেছে স্বৈরশাসনের মধ্যে। এজন্য আমরা গণতান্ত্রিক মানসিকতা লালন করতে পারি না। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।”
স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান জানান, নগরায়নের চ্যালেঞ্জ ইতিবাচকভাবে মোকাবেলা ও কাঙ্খিত নগর উন্নয়নে বাংলাদেশ আরবান ফোরাম গঠন করা হয়।
এই ফোরামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গত ৩১ মে সরকার ২১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় স্টিয়ারিং কমিটি গঠন করে। এতে স্থানীয় সরকারমন্ত্রীকে চেয়ারম্যান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে কো-চেয়ারপার্সন করা হয়।
আরবান ফোরাম গঠনের পটভূমি, কার্যক্রম, ফোরামের সচিবালয় স্থানান্তর ও কার্যকরভাবে প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ইউএনডিপিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০২৩ ঘ.
bdnews24