ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ছেলেদের সৎ বলে দাবি করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মাতৃপ্রেমের কারণেই তিনি এমনটি বলতে পেরেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী ইনু বলেন, “তিনি (খালেদা) দু’দিন আগে তার দুই ছেলেকে সৎ বলে অভিহিত করেছেন। তারা যদি সৎ হবেন তাহলে তাদের পাচার করা অর্থ দুদক সিঙ্গাপুর থেকে কীভাবে আনলো। এর থেকেই বোঝা যায় তিনি মাতৃপ্রেমে অন্ধ।”
গত ২০ নভেম্বর এক আলোচনা সভায় খালেদা দাবি করেন, তারেক অত্যন্ত সৎভাবে জীবনযাপন করেছে। দুর্নীতির সঙ্গে কখনোই তার কোনো সম্পর্ক ছিল না। তার কোথাও তেমন কোন সম্পদও নেই।
এদিকে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থের একটি অংশ দেশে ফেরত আনা হয়েছে বলে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে।
কমিশন চেয়ারম্যান গোলাম রহমান বৃহস্পতিবার অর্থ ফেরতের তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরে পাচার করা ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার ফেরত এনেছে দুদক। আরো ৯ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার ফেরত আনার বিষয়টি প্রক্রিয়াধীন।
খালেদা জিয়া জঙ্গিবাদ ও দুর্নীতিকে উচ্ছেদ করার ক্ষেত্রে অকৃতকার্য হয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
আগামী সংসদ নির্বাচনে বিএনপি কে বর্জনের আহবান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “জঙ্গিবাদ নির্মূলে যে তিনি (খালেদা জিয়া) ব্যর্থ তা তার আমলেই দেখা গেছে।”
অনুষ্ঠানে ইনু জানান, বেসরকারি টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম নীতিমালা আগামী তিন থেকে চার মাসের মধ্যে চূড়ান্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এএল/২০১৫ ঘ.
bdnews24