ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে প্রসাধন সামগ্রী উৎপাদনের অপরাধে বোটানিক অ্যারোমার কর্ণধার মো. আসাদুজ্জামান লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন হেফাজত মঞ্জুর করেছে আদালত।
লিটনের স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক ফেরদৌস বেগমকে (২৮) কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
এছাড়া তাদের কর্মচারী মো. আক্তার বেপারীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে পাঠিয়েছে।
তিনজনকে হেফাজতে নিতে মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. শাহ আলমের সাত দিনের আবেদনে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম তাজুল ইসলাম এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আসামি পক্ষে রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন জানালেও বিচারক তা নামঞ্জুর করেন।
হেফাজতের আবেদনে বলা হয়, বোটানিক অ্যারোমা তাদের প্রসাধন সামগ্রীতে মানবদেহের জন্য ক্ষতিকর পারদ ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল।
গত ১৭ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জে বোটানিক অ্যারোমার কারখানা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের এক লাখ টাকা জরিমানাও করা হয়।
আসাদুজ্জামান লিটন বেসরকারি টেলিভিশন মাইটিভির উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭৪৬ ঘ.
bdnews24