২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাপনীতে বসেছে প্রাথমিকের শিশুরা

দেশের ছয় হাজার ৩৭২টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 05:21 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ছয় হাজার ৩৭২টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ শিক্ষার্থী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ১১টায় গণিত পরীক্ষার মধ্য দিয়ে পঞ্চম শ্রেণী পড়–য়াদের এই সমাপনী পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। তিনি বলেন, এ বছর প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৪১ হাজার ৬৭ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ২৮ হাজার ৩২৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। গত বছর এ পরীক্ষায় মোট ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এই হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা এবার তিন লাখ ১৭ হাজার ৭১৭ জন বেড়েছে। এবার ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৪৩৫ জন বেশি। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এবছর প্রাথমিক সমাপনীতে ১২ লাখ ৭ হাজার ৪৫২ জন ছাত্র এবং ১৪ লাখ ৩৩ হাজার ৬১৫ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী রয়েছে ৩ হাজার ৮২৬ জন। আর ইবতেদায়ীতে এক লাখ ৫৬ হাজার ৫২৭ জন ছাত্র এবং এক লাখ ৭১ হাজার ৭৯৯ জন ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, কাতার, আবুধাবি, ত্রিপলি ও ওমান কেন্দ্রে এবার ৭১৮ জন এ পরীক্ষা দিচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা ২০ মিনিট অতিরিক্ত সময় পাচ্ছেন। এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর এক উপজেলা/থানার উত্তরপত্র অন্য উপজেলা/থানায় মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন। প্রাথমিক সমাপনীর সময়সূচি ২১ নভেম্বর গণিত, ২২ নভেম্বর বাংলা, ২৬ নভেম্বর ইংরেজি, ২৭ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ, ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান এবং ২৯ নভেম্বর ধর্ম। ইবতেদায়ী সমাপনী সময়সূচি ২১ নভেম্বর গণিত, ২২ নভেম্বর বাংলা, ২৬ নভেম্বর ইংরেজি, ২৭ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৮ নভেম্বর আরবি, ২৯ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১১১০ ঘ.