২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক শ্রমিকদের মুক্তির পর জয়পুরহাটে অবরোধ প্রত্যাহার

ভারতীয় পণ্যসহ আটক সহকর্মীদের ছেড়ে দেয়ার পর অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

জয়পুরহাট, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় পণ্যসহ আটক সহকর্মীদের ছেড়ে দেয়ার পর অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা। বিজিবি, পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকের পর মঙ্গলবার রাত ৮টায় অবরোধ প্রত্যাহারের ঘোষণা আসে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘট প্রত্যাহার হলেও ‘নির্যাতনকারী’ বিজিবি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। আটক ছয় জনের মধ্যে পাঁচজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে শ্রমিক নেতা গোলাম মোস্তফা জানান। দুপুরে বিজিবির অভিযানে যাত্রীবাহী একটি বাস থেকে ভারতীয় পণ্যসহ শ্রমিক আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। দুপুরে অবরোধ শুরু হলে শহরের বিভিন্ন সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খসরু সাব্বির আলী জানান, পাঁচবিবি উপজেলা শহরের অদূরে একটি বাস থেকে কিছু ভারতীয় মালামাল উদ্ধার করে চোরাকারবারিদের আটক করতে গেলে বাসটির চালক-সহকারীসহ শ্রমিকরা বিজিবির একটি টহল দলের সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই টহল দলের কাছে খবর পেয়ে জয়পুরহাটে বিজিবির ব্যাটালিয়ান কার্যালয়ের ফটকে বাসটি আটকানো হয়। তখন চালকসহ তিন পরিবহণ শ্রমিক ও চোরাকারবারী সন্দেহে আরো তিনজনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২১৫৮ ঘ.