মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানা থেকে বিভিন্ন প্রজাতির ১১টি পাখি চুরি ও পাচারের ঘটনা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এ ঘটনায় এ পর্যন্ত চিড়িয়াখানার প্রহরী সর্দার নুরুল হক এবং নৈশপ্রহরী শঙ্কর লাল মৃধাকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ।
বুধবার চিড়িয়াখানা পরিদর্শন করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পুলিশ চিড়িয়াখানার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাসহ বেশকিছু বিষয় সামনে রেখে তদন্ত শুরু করলেও এখনো কোনো বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
তবে চিড়িয়াখানার কর্মচারীরা প্রতিমন্ত্রীর সামনেই বলেছেন, পশুপাখি সরবরাহের কাজ পেতে ব্যর্থ এক ঠিকাদারকেই তাদের সন্দেহ।
রোববার রাতে ঢাকা চিড়িয়াখানা থেকে তিনটি কাকাতুয়া, ছয়টি হলুদ টিয়া ও দুটি লাল টিয়াসহ ১১টি পাখি চুরি হয়, যেগুলোর দাম আনুমানিক ছয় লাখ টাকা বলে কর্মকর্তারা জানান।
চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা জানান, রোববার রাতে চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ সোমবার সকালে শাহ আলী থানাকে বিষয়টি জানায়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোসাদ্দেক হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় হাঁস-মুরগির খামারের উপ-পরিচালককে প্রধান এবং অধিদপ্তরের সহকারী পরিচালককে (খামার) সদস্য করে পাখি চুরির ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। এ কমিটিতে পরে আরো সদস্য অন্তর্ভুক্ত করা হবে।
তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই চিড়িয়াখানা পরিদর্শনে এসে পাখি রাখার স্থানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কিউরেটরসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কথা বলেন। কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এ ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তাকে নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা হওয়ার পর থানা পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাসহ বেশ কিছু বিষয় সামনে রেখে তদন্ত শুরু করেছে। তবে এখনো তারা কোনো বিষয়েই নিশ্চিত হতে পারেনি।”
পুলিশি ও বিভাগীয় তদন্ত শেষে পাখি চুরির ‘প্রকৃত রহস্য’ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন আব্দুল হাই।
চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে চুরির ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এ ধরনের ত্রুটি থাকতে পারে। বিশাল এলাকা জুড়ে এই চিড়িয়াখানা। কিন্তু নৈশপ্রহরী হাতে গোনা কয়েকজন। তাদের পক্ষে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এজন্য নিরাপত্তা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।”
চুরির সঙ্গে চিড়িয়াখানার পশু-পাখি সরবরাহকারীদের কেউ জড়িত কি না- এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “অনেক বিষয় নিয়েই তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না।”
প্রতিমন্ত্রী বলেন, জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
‘দেয়াল টপকে ঢোকেন ঠিকাদার’
চুরির ঘটনায় চিড়িয়াখানার দুজন নিয়মিত কর্মীকে বরখাস্ত এবং গ্রেপ্তারের ঘটনায় কর্মকর্তা কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তদন্ত কর্মকর্তাদের পাশাপাশি তারা নিজেরাও জড়িতদের খুঁজছেন বলে জানিয়েছেন।
বুধবার প্রতিমন্ত্রী ও থানা পুলিশসহ গণমাধ্যম কর্মীদের সামনে শ্রমিকদের বক্তব্য তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, রোববার গভীর রাতে (রাত দেড়টায়) চিড়িয়াখানার একজন পশু-পাখি সরবরাহকারী ঠিকাদারকে সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকতে দেখেছেন স্থানীয় লোকজন। সম্প্রতি পশুপাখি কিনতে কর্তৃপক্ষ যে দরপত্র ডাকে, তাতে কাজ পাননি ওই ঠিকাদার। এতে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তারা অসন্তুষ্ট হন।
সালাউদ্দিনের মতে, ওই ঠিকাদার বা তার লোকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষীসহ কর্তৃপক্ষের নিজেদের লোকও থাকতে পারে।
ওই ঠিকাদারকে গ্রেপ্তার করা হলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।
‘চোরেরা অভিজ্ঞ’
চিড়িয়াখানায় পাখি পরিচর্যার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (জু অফিসার) এমএ জলিল জানান, পাঁচটি কাকাতুয়ার মধ্যে তিনটি, এক ডজন হলুদ টিয়ার মধ্যে ছয়টি এবং আটটি লাল টিয়ার মধ্যে দুটি চুরি হয়েছে। এ তিনটি জাতের পাখিই হিংস্র প্রকৃতির।
অপরিচিত বা অদক্ষ কারো পক্ষে এসব পাখি বের করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেই তিনি মনে করেন।
এই কর্মকর্তা বলেন, ঘটনার আগের দিন তিনি ছুটিতে ছিলেন। তবে কর্মকর্তারা কেউই রাতে চিড়িয়াখানায় থাকেন না। শুধু নিরাপত্তা রক্ষী এবং নৈশপ্রহরীরাই দেখাশোনার দায়িত্বে থাকেন। ওই রাতে পাখি রাখার এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন নুরুল ও শঙ্কর।
চিড়িয়াখানার যে অংশে পাখি রাখার স্থান, তার পাশেই নবারেরবাগ এলাকা। পাখির ঘরে শক্তিশালী তালা দেয়া হলেও খাঁচার কাঠামো যথেষ্ট দুর্বল।
চিড়িয়াখানার সম্পত্তি কর্মকর্তা অসীম কুমার দে জানান, নবাবেরবাগসহ চিড়িয়াখানা সংলগ্ন কিছু জমি নিয়ে স্থানীয় দখলদার ও প্রভাবশালীদের সঙ্গে বিরোধ চলছে কর্তৃপক্ষের। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সম্প্রতি এসব সম্পত্তি উদ্ধারের পদক্ষেপ নেয়।
তবে জমি নিয়ে বিরোধের জেরে কেউ পাখি চুরি করেছে কি না জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি তিনি।
তদন্ত কর্মকর্তা বলেন
পাখি চুরির ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ছবির উদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু করেছেন তারা।
এর মধ্যে চিড়িয়াখানার নিরাপত্তা প্রাচীরের দুর্বলতা, নিরাপত্তা রক্ষীর সঙ্কট, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ এবং পশুপাখি ও খাবার সরবরাহ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ ও বিরোধের মতো বিষয় রয়েছে।
কর্মচারীরা যেসব বিষয় তুলে ধরেছেন- তদন্তের ক্ষেত্রে সেগুলোও বিবেচনায় রাখা হচ্ছে জানিয়ে ছবির উদ্দিন বলেন, জড়িতদের শিগগিরই চিহ্নিত করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24