ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চার উপসচিবসহ নয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন (আরওএসসি) প্রকল্পের প্রকল্প পরিচালক আতাউল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর/স্থানে ৭৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আবু বকর সিদ্দিককে সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘দক্ষিণ এশিয়ার পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (বাংলাদেশ অংশ)’ উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর মনিটরিং চাইল্ড রাইটস’ প্রকল্পের প্রকল্প পরিচালক আমান উল্লাহকে প্রেষণে নিয়োগ করা হয় জাতীয় মহিলা সংস্থার পরিচালক পদে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব এএইচএম সামছুজ্জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি ওই মন্ত্রণালয়ের প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক ম্যানেজমেন্ট সেলে’র (পিএলএমসি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব সুরাইয়া আক্তার জাহানকে বিদ্যুৎ বিভাগে এবং রেয়াজুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে পদায়ন করা হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহা. রেজাউল করিমকে রংপুর এবং রংপুরের এডিসি আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে পাবনার এডিসি পদে বদলি করা হয়েছে।
ঝালকাঠির এডিসি পদে বদলির আদেশ পাওয়া নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ সরকারের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তাকে পদায়নের জন্য ন্যস্ত করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৪৫ ঘ.
bdnews24