ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ আরো বিদেশি বন্ধুকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানাবে বাংলাদেশ।
সম্মাননা দেয়ার ধারাবাহিকতায় চতুর্থ পর্যায়ে আগামী ১৫ ডিসেম্বর সম্মাননা দেয়ার জন্য তৈরি করা তালিকায় ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জীসহ ১৫৩ জনের নাম প্রস্তাব করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তাদের মধ্যে যারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাদেরকে সম্মাননা প্রদান করা হবে।
মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ওইদিন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা তুলে দেবেন।
প্রতিমন্ত্রী জানান, এবার সম্মাননার জন্য মনোনীত ব্যক্তিদের ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো শুরু হয়েছে।
প্রণব মুখার্জীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে তিনি শিগগিরই নয়া দিল্লি সফর করবেন বলে জানান।
মঙ্গলবার অতিরিক্ত পররাষ্ট্র সচিব মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ ১৫০ জনের বেশি বিদেশি বন্ধুকে আমরা আমন্ত্রণ জানাবো। দেখা যাক, তাদের মধ্যে কতজন অনুষ্ঠানে উপস্থিত হন।”
এর আগে তিনবার বিদেশি নাগরিক ও সংগঠনকে এই সম্মাননা দেয়া হয়।
বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর প্রথম পর্যায়ে গত বছরের ২৫ জুলাই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা সম্মাননা’ দেয়া হয়। ইন্দিরার হয়ে তার পুত্রবধূ ও ভারতের ক্ষমতাসীন জোটের সভানেত্রী সোনিয়া গান্ধী মরণোত্তর ওই সম্মাননা স্মারক গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধে অবদান রাখা ৮৩ জন বিদেশিকে গত ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয়া হয়।
তৃতীয় পর্বে গত ২০ অক্টোবর আরো ৬১ জন বিদেশি বন্ধুকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।
এই ৬১ জনের মধ্যে ৪৯ জন ভারতীয়, এক জন নেপালি, একজন ভিয়েতনামের, তিনজন যুক্তরাজ্যের, দুজন যুক্তরাষ্ট্রের, দুজন সুইডেনের, দুজন অস্ট্রেলিয়ার এবং একজন ইতালির নাগরিক।
তাদের মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরাল ও নেপালের প্রয়াত প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালাকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেয়া হয়।
বাকি ৫৯ জন পান ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’। এর মধ্যে ছিল দুটি প্রতিষ্ঠান বা সংগঠন। একটি ভারতের আনন্দবাজার পত্রিকা, অন্যটি বিশ্ব শান্তি পরিষদ।
তখন ১৮টি দেশ থেকে ১৫০ জনকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্য থেকে ৬১ জন- কেউ সশরীরে কিংবা তাদের প্রতিনিধিরা সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএসজেড/এইচএএইচ/এইচএ/১৭২৯ ঘ.
bdnews24