ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণের বোতলজাত পানীয়ের পক্ষে বিপক্ষে দুটি রুল জারির পর এবার বিএসটিআই কর্তৃক লাইসেন্স ‘বাতিল’ করা ৩১ কোম্পানির ৪৩টি খাদ্যপণ্যের গুণগত মান বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।
নতুন একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেয়।
আগামী ২ ডিসেম্বরের মধ্যে ওই প্রতিবেদন আদালতে দাখিল করতে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত একইসঙ্গে বিএসটিআই’র লাইসেন্স বাতিল করা ৩১টি কোম্পানির ৪৩ ধরনের খাদ্যপণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এসব পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চায়।
খাদ্য সচিব, বাণিজ্য সচিব, আইন সচিবসহ ছয় বিবাদীকে রুলের জবাব দিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে মিয়া মো. কামরুজ্জামান সোমবার এই রিট আবেদনটি দায়ের করেন।
গত ৬ নভেম্বর দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘নিষিদ্ধ পণ্যগুলো এখনো বাজারে’ শিরোনামের একটি প্রতিবেদন সংযুক্ত করে এই রিট আবেদন দায়ের করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) গত ১৩ অক্টোবর ৩১টি কোম্পানির ৪৩ খাদ্যপণ্যের লাইসেন্স বাতিল করে। কিন্তু এরপরও এসব পণ্য বাজারে অবাধে বিক্রি হচ্ছে।
এতে আরো উল্লেখ করা হয়, নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর মধ্যে আছে ফ্রুট ড্রিংকস, ওয়েফার বিস্কুট, সেমাই, ঘি, চাটনি, ধনে গুঁড়া ইত্যাদি।
আদালতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট সিগমা হুদা শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
পরে মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিএসটিআই কর্তৃক লাইসেন্স বাতিল করা ৩১ কোম্পানির ৪৩ টি পণ্যের বিষয়ে রুল জারি করেছে। আগেও প্রাণ ফুডস লি. এর পণ্যেও বিষয়ে দুইটি রুল হয়েছিল। এই ক্ষেত্রে রুলের পাশাপাশি বিএসটিআইয়ের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত।
“আদালত বলেছে, পণ্যগুলোর মান পরীক্ষা করে তৈরি করা যে প্রতিবেদনের ভিত্তিতে লাইসেন্স বাতিল করলেন, সেটি আমাদেরকে দিন। আগামী ২ ডিসেম্বরের মধ্যে ওই প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।”
এর আগে পৃথক দুটি আবেদনে একই বেঞ্চ এ সম্পর্কিত আরো দুইটি রুল দিয়েছিল।
এর মধ্যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ৪ নভেম্বর একই আদালত প্রাণের বিষয়ে রুল দেয়।
ওই রুলে প্রাণের বিভিন্ন ‘ভেজাল’ পানীয়ের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়।
প্রাণের ম্যাঙ্গো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইন আপেল ও ফ্রুট ককটেল নামে বোতলজাত পানীয় ওই রুলের আওতায় পড়বে।
রুল জারির দুইদিন পর গত ৬ নভেম্বর এক সংবাদ সম্মেলন করে প্রাণ ফুডস লিমিটেডের বিভিন্ন পণ্যে ভেজালের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করে ভেজাল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে কোম্পানি কর্তৃপক্ষ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই তিন রিটের আবেদনকারীদেরে যুক্তির মূল বিষয় কিন্তু বিএসটিআই কর্তৃক লাইসেন্স বাতিল। আদালত সব আবেদনের প্রেক্ষিতে বিবাদীদেরকে কারণ দর্শানোর নোটিশ দিলো। মামলার পরবর্তী ধাপ রুল শুনানির পর্বে তিনটি মামলার শুনানি একত্রে হবে বলে আদালত মৌখিকভাবে বলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২১১১ ঘ.
bdnews24