জামালপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় এক ব্যবসায়ীকে আটকে সোয়া একলাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় মহাদান ইউনিয়নের উচ্চগ্রামের আব্দুল ওহাব আলীকে (৩৩) দুর্বৃত্তরা নিয়ে যায়। আটঘণ্টা পর তাকে ছেড়ে দেয়।
এরপর তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপহরণকারীদের কেউ গ্রেপ্তার না হলেও তাদের দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
আব্দুল ওহাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সদর উপজেলার দিগপাইত বাসস্টান্ডে মেশিনারি যন্ত্রাংশের ব্যবসা করেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মোটরসাইকেলযোগে তিনি সানাকৈর বাজার হয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল নগদ এক লাখ ২৫ হাজার টাকা।
পথে করবাড়ি গ্রামের ছিনাটাজাঙ্গাল ব্রিজের কাছে দুর্বৃত্তরা তাকে আটকিয়ে মারপিট করে একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
এরপর তাকে বিসিক শিল্পনগরী এলাকার একটি কারখানার গুদামে আটকে রাখা হয়।
তিনি আরো বলেন, রাত ২টার দিকে তার কাছে থাকা এক লাখ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট রেখে দিয়ে তাকে ছেড়ে দেয়।
সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান বলেন, অপহরণ ঘটনায় জড়িতদের দুইটি মোটরসাইকেল আটক করা হয়েছে। পুলিশের তৎপরতার মুখে অপহৃতকে দুর্বৃত্তরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
এ ঘটনায় ওহাবের ছোট ভাই মো. জাকির হোসেন বাচ্চু বাদী হয়ে সরিষাবাড়ি থানায় তৌহিদুল ইসলাম আলম ও তার চার সহযোগীর নামে একটি মামলা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন বলেন, অপহরণের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে সরিষাবাড়ি থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24