গোপালগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ খুন হয়েছেন।
সোমবার সকালে কাশিয়ানীর ভাটিয়াপাড়ার একটি ডোবা থেকে নিহত পান্না বেগমের (২৬) লাশ উদ্ধার করে পুলিশ।
স্বামী ফরিদ শেখ পান্নাকে হত্যার পর লাশ ডোবায় ফেলে শ্বশুরবাড়ির লোকজনকে হত্যার কথা জানিয়েছে বলে কাশিয়ানী থানার ওসি মো. বোরহান উদ্দীন জানান।
তিনি বলেন, ফরিদের সঙ্গে পান্নার মতবিরোধ চলছিল। রোববার সন্ধ্যার দিকে কাশিয়ানী সদরের ভাড়া বাসা থেকে স্ত্রী পান্নাকে ডেকে বাইরে নিয়ে যান ফরিদ।
“রাতে পান্নাকে হত্যার পর ভাটিয়াপাড়া বাজারের পূর্ব পাশের একটি ডোবার কচুরিপানার নিচে লাশ ফেলে রাখে। পরে ফরিদ নিজেই মোবাইলে শ্বশুরবাড়ির লোকজনের কাছে পান্নাকে হত্যা এবং লাশ ডোবায় ফেলে রাখার কথা জানায়।”
তিনি জানান, প্রায় তিন বছর আগে কাশিয়ানী উপজেলার দোলা গ্রামের আবুল ওরফে আউয়াল শেখের মেয়ে পান্না বেগমের সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লাপুর নূরবাগের পাগলা এলাকার আলতাফ শেখের ছেলে ফরিদ শেখের বিয়ে হয়।
বিয়ের পর স্বামী-স্ত্রী ঢাকায় বসবাস করতো। কিন্তু কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে প্রায় মাসখানেক আগে পান্না বাবার বাড়ী গোপালগঞ্জের কাশিয়ানীতে চলে আসে।
এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৬০৪ ঘ.
bdnews24