২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র টেলিভিশনের উন্নয়নে হবে ইনস্টিটিউট

চলচ্চিত্র এবং টেলিভিশনের জন্য অনুষ্ঠান ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র এবং টেলিভিশনের জন্য অনুষ্ঠান ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আইন ২০১২’-এর খসড়ায় এই অনুমোদন দেয়া হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের বলেন, চলচ্চিত্র ও টেলিভিশন সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। এ কারণে তথ্য মন্ত্রণালয়ের অধীনে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রতিষ্ঠানে চলচ্চিত্র ও টেলিভিশন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এ ইনস্টিটিউটের কর্মপরিধি এবং পরিচালন পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এ ইনস্টিটিউটটি হবে স্বায়ত্ত্বশাসিত। তথ্য সচিবের নেতৃত্বে একটি বোর্ড এর কার্যক্রম পরিচালনা করবে। একটি একাডেমিক কাউন্সিলও থাকবে। একজন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা হবেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা। “এই ইনস্টিটিউটের ডিগ্রি দেয়ার ক্ষমতা থাকবে। চলচ্চিত্র ও টিভির বিকাশ ও উন্নয়নে গবেষণাও করতে পারবেন সংশ্লিষ্টরা। যা এ দু’টি খাতের উন্নয়ন ও বিকাশে কার্যকর ভূমিকা রাখবে”, বলেন সচিব। এদিন মন্ত্রিসভার বৈঠকে ইসলামী-আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১২- এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর আগে গত ৬ অগাস্ট মন্ত্রিসভা ফাজিল ও কামিলসহ উচ্চ পর্যায়ের মাদ্রাসা শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে এ বিশ্ববিদ্যালয় দেশের কামিল ও ফাজিল মাদ্রাসাগুলোর অ্যাফিলিয়েটিংয়ের (অধিভুক্তির) কাজ করবে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে অনুমোদনবিহীন ৫০০ ফাজিল ও ৩০০ কামিল মাদ্রাসা রয়েছে। আর অধিভুক্ত মাদ্রাসা রয়েছে ফাজিল ৯৮২টি এবং কামিল ১৪৫টি। এসব মাদ্রাসার যাবতীয় কার্যক্রম তদারকি, শিক্ষার মান নিয়ন্ত্রণ, পরীক্ষা নিয়ন্ত্রণ, শিক্ষক নিয়োগ ও অনুমোদনের কাজও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করবে। এছাড়া ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’-এর খসড়া এদিন দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে তোলা হলেও আরো পর্যালোচনার জন্য তা ফেরত পাঠানো হয় বলে জানান সচিব। তিনি বলেন, এ আইনের ব্যাপারে আগেও মন্ত্রিসভার কিছু পরামর্শ দিয়েছিল। এসব ঠিক করে প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হলেও সদস্যরা আরো পরীক্ষা-নিরীক্ষা এবং সংশোধনের জন্য তা মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন। এছাড়া গত ২০১১-১২ অর্থবছরে সরকারের সার্বিক কর্মকাণ্ড ও অগ্রগতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপন এবং তার ওপর আলোচনা হয় এদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৫০ ঘ.