ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির আশঙ্কায় রাজধানী কাফরুল থেকে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মী সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১২টা থেকে সোমাবার ভোর ৬টা পর্যন্ত কাফরুলের বিভিন্ন মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে ‘ রাষ্ট্রবিরোধী প্রচারপত্র ও উস্কানিমূলক বক্তব্য সম্বলিত’ কয়েকটি ব্যানার পাওয়া গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।”
তবে জামাত-শিবিরকর্মী সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে এক ছাত্রলীগ নেতা রয়েছেন বলে দাবি করেছেন ডেন্টাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আকিব ফয়সাল ইফতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আকিব বলেন, নাইম মাহমুদ চৌধুরী নামে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি ডেন্টাল মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জানতে চাইলে ওসি লতিফ বলেন, “নাইমের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য আমাদের কাছে নেই। বরং সে যে মেসে থাকে সেখানে শিবিরের বিভিন্ন বই ও প্রচারপত্র পাওয়া গেছে।”
এর আগে সকালে ওসি বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা সকালে কয়েকটি দলে ভাগ হয়ে কাফরুলের বিভিন্ন এলাকায় ‘রাষ্ট্রবিরোধী’ প্রচারপত্র বিলি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে চলতি মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির কর্মীরা।
গত সপ্তাহে জয়পুরহাট শহরের অদূরে ছাত্রশিবিরের কর্মীরা এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয় বলে অভিযোগ ওঠে। রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও ইসলামী ছাত্রশিবিরের হামলার মুখে পড়ে।
রোববারও রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় টহল পুলিশের ওপর হামলা চালায় শিবির কর্মীরা।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াতকর্মীরা। অন্যদিকে জামায়াতের অভিযোগ, পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে।
দেশজুড়ে পুলিশের ওপর হামলা চলতে থাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশ এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।
এসব সংঘাতের ঘটনায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসও উদ্বেগ প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24