নাটোর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ছয় দিন পর নাটোরের নলডাঙ্গার এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় মারুফ হাসান অনিককে (১৪) অপহরণ করা হয়েছিল। তার লাশ রাজশাহীর পুঠিয়া থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সদর উপজেলার ব্রহ্মপুর গ্রামের মালয়শিয়া প্রবাসী রেজাউল করিমের ছেলে অনিক গত মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে নদীর ধারে যায়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি।
ঘটনার পরদিন অনিকের নম্বর থেকে ফোন করে মা ডলি বেগমকে জানানো হয়, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে ফেরত পেতে চাইলে মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দিতে হবে।
গত শুক্রবার পর্যন্ত এ নিয়ে চলে দর কষাকষি।
এ ঘটনায় অনিকের দাদা জফির উদ্দিন মামলা করলে সোনাপাতিল গ্রামের আবুল কালামের ছেলে ফরহাদ হোসেন, গাংগইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে রানা ও ধনোকুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুলতানকে আটক করে পুলিশ। পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
রোববার সন্ধ্যায় পুলিশ তাদের সঙ্গে নিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার শীতলায় গ্রামের মাঠ খুঁড়ে অনিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম বলেন, “আটক অপহরণকারীদের কাছ থেকে কৌশলে অনিকের সন্ধান জানা গেছে।”
নলডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৮ ঘ.
bdnews24