সাতক্ষীরা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর থানায় দায়ের করা পৃথক দুটি দ্রুত বিচার আইনের মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি ও শিবিরের সভাপতিসহ ১০০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই আলী রেজা ও এসআই আকরাম চৌধুরী ১৭ নভেম্বর আদালতে এই অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা, জামায়াত নেতা আবুল খায়ের, ছাত্র শিবিরের জেলা সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শহর ছাত্র শিবিরের সভাপতি খোরশেদ আলী, সেক্রেটারি রোকনুজ্জামানসহ দু’টি মামলায় মোট ১০০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আলী রেজা জানান, গত ৬ নভেম্বর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরের জজ কোর্টের সামনে সড়ক অবরোধ করে পুলিশের উপর হামলা চালায়।
এ ঘটনার নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি, শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জামায়াতের নেতাকর্মীরা। হামলায় জড়িত থাকার অভিযোগে প্রথমে নয় জন জামায়াত-শিবির নেতাকর্র্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
এর পর এসআই শরিফ মিয়াজি বাদী হয়ে সদর থানার দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় মোট ৪০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দেয়া হয়েছে।
অপরদিকে আসামি গ্রেপ্তার করতে যাওয়ার পথে সদর উপজেলার আগরদাড়ি এলাকায় পুলিশ পৌঁছালে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়।
এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক আলী রেজা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিসহ ৩০০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে দ্রত বিচার আইনে আরো একটি মামলা হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার আসাদুজ্জামান সদর থানায় দ্রত বিচার আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় ১০০ জামায়াত-শিবির নেতাকর্মীদের নামে আদালতে অভিযোগপত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৮ ঘ.
bdnews24