গাজীপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গফরগাঁওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী গাজী মোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। লাইনচ্যুত দুটি বগি ছিল সবচেয়ে পেছনে।
রাত ৮টার দিকে তিস্তা এক্সপ্রেস লাইনচ্যুত বগি দুটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও যমুনা, ব্রহ্মপুত্র, অগ্নিবীণাসহ আরো কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার।
ময়মনসিংহ স্টেশন সুপার আলী আহম্মদের উদ্ধৃতি দিয়ে আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেছে।
মোফাজ্জল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনায় কাওরাইদ স্টেশন এলাকার বেশ কিছু জায়গা জুড়ে এক নম্বর লাইনটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং দুই নম্বর লাইনটি আংশিক বেঁকে গেছে। দুই নম্বর লাইনটি রাতের মধ্যে মেরামত করা সম্ভব হলেও এক নম্বর লাইনটি মেরামতে আরো সময় লাগতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০২০ ঘ.
bdnews24