২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই

এতদিন ১৯৯৫ সাল থেকে প্রণীত শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়েছে। এবার শিক্ষার্থীরা পাবে নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যবই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সতের বছর পর নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই দেয়া হচ্ছে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের। ১ জানুয়ারি থেকেই শ্রেণিকক্ষে পড়ানো হবে এসব নতুন বই। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন, “গত বছর নতুন শিক্ষাক্রম অনুযায়ী সাতটি পাঠ্যবই দেয়া হয়েছিল। আর এবার দেয়া হচ্ছে ১০৪টি। ২০১২ সালকে ভিত্তি ধরে এই ১১১টি পাঠ্য পুস্তক প্রণয়র করা হয়েছে।” এতদিন ১৯৯৫ সাল থেকে প্রণীত শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ২০১০ এর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক স্তরে ধর্মশিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষাও সংযোজন করা হয়েছে বলে জানান নুরুল ইসলাম নাহিদ। নতুন শিক্ষাক্রমে শিক্ষার সকল ধারায় (সাধারণ, মাদ্রাসা ইংরেজি) অষ্টম শ্রেণি পর্যন্ত অভিন্ন বাধ্যতামূলক শিক্ষাক্রম প্রবর্তন করা হয়েছে। এছাড়া ৬৫০ নম্বরের বাংলা , ইংরেজি, গণিতসহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি), কর্ম ও জীবন মুখী শিক্ষা (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রমের আলোকে একাদশ শ্রেণির শিক্ষাকার্যক্রম শুরু হবে ১ জুলাই থেকে। শিক্ষা গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, নতুন শিক্ষাক্রমে মুখস্থ করার পরিবর্তে ধারণাগত ও অনুধাবন, ভাষার চারটি দক্ষতার সবকয়টি শ্রেণিকক্ষে অনুশীলনের ব্যবস্থা, পরীক্ষামুখী শিক্ষার পরিবর্তে শিখনমুখী মূল্যায়ন করা হবে। প্রজনন স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তণ, এইচআইভি/এইডস, অটিজম, তথ্য অধিকার ও অন্যান্য নতুন বিষয়ও সংযোজন করা হয়েছে এই শিক্ষাক্রমে। শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, এর মাধ্যমে সৃজনশীল কর্মমুখী শিক্ষা শুরু হবে। নতুন পাঠ্যপুস্তক প্রণয়নে ভুল-ক্রটি থাকলে তা পরিবর্তণ করা হবে বলেও জানান তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৫৫৭ ঘ.