২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে ভোট শেষে চলছে গণনা

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। তবে উপস্থিতি ছিল কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

টাঙ্গাইল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের জন্য নিজেদের প্রতিনিধি বেছে নিতে ভোট দিয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ভোটাররা। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবেই ভোটাররা ভোট দিতে পেরেছেন। তবে ভোটার উপস্থিতি ছিল কম। রোববার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোট শুরু হয়। ৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপরই শুরু হয় গণনা। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম লেবু। বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানা (আনারস) ও জাতীয় পার্টি আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন (লাঙ্গল)। গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা ডা. মতিউর রহমান মারা যাওয়ার পর ঘাটাইল আসনটি শূন্য হয়। এদিকে সকাল থেকে টানা ভোটগ্রহণ চললেও বিভিন্ন কেন্দ্রে তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি ভোটারদের। সন্ধ্যানপুর ইউনিয়নের ধলাপাড়া এইচইউপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর সোয়া একটা পর্যন্ত তিন হাজার ১০ ভোটারের মধ্যে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাকুল বিল্লাহ। একই ইউনিয়নের শুকনী রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৩৯৭ ভোটারের মধ্যে সোয়া ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৯০০টি। একই অবস্থা দেখা গেছে দেওপাড়া ইউনিয়নের মাকড়াই সরকারি প্রাথমিক কেন্দ্রে। এই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা খুরশিদ আলম জানান, পৌনে একটা পর্যন্ত ভোট পড়েছে ৩৩ শতাংশ। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা একটু বেশি। ঘাটাইল পৌরসভার চান্দশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌনে ১২টার দিকে ভোট পড়েছে দুই হাজার ৬৯৭ ভোটারের মধ্যে ১ হাজার ২০০টি। অবশ্য সহকারী রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান দাবি করেছেন, তারা ধারণা করছেন ভোট পড়ার হার ৬০ শতাংশের বেশি হবে। আওয়মাী লীগ সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম লেবু পৌর এলাকার রতনপুর কেন্দ্রে ও দলের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান মুকুল একাডেমি কেন্দ্রে ভোট দিয়েছেন। জাতীয় পার্টির সৈয়দ আবু ইফসুফ আব্দুল্লাহ তুহিন ভোট দিয়েছেন আনেহলা ইউনিয়েনের গোরাঙ্গী একাশী ওয়মানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। রিটার্নিং কর্মকর্তা জানান, ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত ঘাটাইল আসনে ভোটার ২ লাখ ৭১ হাজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩১ হাজার ৭৮৬ জন ও মহিলা এক লাখ ৩৯ হাজার ৫৪৩ জন। নির্বাচনের দায়িত্বে আছেন ৯৬ জন প্রিজাইডিং, ৫৮২ জন সহকারী প্রিজাইডিং ও এক হাজার ১৬৪ জন পোলিং কর্মকর্তা। নির্বাচনী এলাকার আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। পুলিশ, ব্যাটেলিয়ান আনসারের পাশাপাশি ছয় প্ল¬াটুন বিজিবি, র‌্যাবের ৩২টি দল (প্রতি টিমে ৮জন) ও এপিবিএন সদস্যরাও নির্বাচনী এলাকায় রয়েছেন। ১৯৭৩-এর নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান, ১৯৭৯-এর নির্বাচনে বিএনপির ডা. শওকত আলী ভূইয়া, ১৯৮৬ সালে আবারো আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহান, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ এর নির্বাচনে বিএনপির লুৎফর রহমান খান আজাদ এবং সর্বশেষ ২০০৮-এর নির্বাচনে আওয়ামী লীগের ডা. মতিউর রহমান নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬২১ ঘ.