ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপতি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর বর্তমান অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায়।
আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিমি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
নিম্নচাপ এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
উদ্ভূত অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২২৪৮ ঘ.
bdnews24