নারায়ণগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার সেকান্দার আলীর সঙ্গে একই এলাকার আবুল খায়েরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শনিবার দুপুরে আবুল খায়েরের লোকজন সেকান্দরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২০০ঘ.
bdnews24