২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণআদালতে ৩ জনের স্বীকারোক্তি

কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডলকে অপহরণে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের হাতে আটকদের মধ্যে তিন জন এ ঘটনায় সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 11:50 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডলকে অপহরণে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের হাতে আটকদের মধ্যে তিন জন এ ঘটনায় সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এরা হলেন, জাহিদুল হাসান (১৮), কালা চান (৩৫) ও মো. আলী ওরফে রিফাত (১৯)। শুক্রবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম নিজের খাসকামরায় এই তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন বলে জানান ওই আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান। এ ঘটনায় র‌্যাবের হাতে আটক বাকি তিনজন মো. আলফাজ (১৮), রিজভী আহমেদ অনিক (১৮) ও আবুল কাশেমকে (৩৩) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। পরাগকে অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকেই ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন করলে ওই তিনজনের ১০ দিন হেফাজত মঞ্জুর করেন বিচারক কাজী শহীদুল ইসলাম। তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর জাহিদুল, কালা চান ও রিফাতকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আগে থেকেই পুলিশ হেফাজতে থাকা মামুনও অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে তদন্ত কর্মকর্তা জানান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার মামুনকে সাত দিনের হেফাজতে নেয়ার আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তাজুল ইসলাম। কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থাকে অপহরণের তিনদিন পর মঙ্গলবার রাতে প্রথম শ্রেণীর ছাত্র পরাগ মণ্ডলকে (৬) উদ্ধার করা হয়। পরদিন বুধবার রাতে এই অপহরণে জড়িত থাকার অভিযোগে মামুনকে (৪০) গ্রেপ্তার করা হয়। সে রাতেই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুরাইনের একটি বাড়ি থেকে ওই ছয় জনকে আটক করে র‌্যাব। পরাগের পরিবারকে নিরাপত্তা দিতে তাদের বাড়িতে পুলিশ পাহারা বসানো রয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেটি/এএইচ/এসইউ/১৭৪৬ ঘ.