ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে অবৈধ ভিওআইপি বন্ধে দক্ষিন এশিয়ার টেলিকম ক্যারিয়ারদের সহযোগিতা চেয়েছেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘সাউথ এশিয়ান ক্যারিয়ারস মিট ২০১২’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান বলেন, “দেশে আন্তর্জাতিক কলের একটি অংশ অবৈধ ভিওআইপির মাধ্যমে আসছে, এটি বন্ধ করতে ক্যারিয়াররা সহযোগিতা করতে পারেন।”
সুনীল কান্তি বোস বলেন, শিগগিরই ভিওআইপি লাইসেন্স (ভিএসপি) দেয়া হলে ছোট ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ হবে।
দেশে বর্তমানে ৯ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক আছে উল্লেখ করে সুনীল কান্তি বোস জানান, বর্তমানে পুরো বাংলাদেশে নেটওয়ার্কের আওতায় আছে।
এ সম্মেলনের মাধ্যমে টেলিযোগাযোগ খাতে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগগুলো পরিষ্কার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ দেশের বাহিরে থাকে, তাই এখানে বিদেশি কল প্রচুর আসে।
অবৈধভাবে আন্তজার্তিক কল টার্মিনেশন বা অবৈধ ভিওআইপি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
মূলত টেলিকম ক্যারিয়ার প্রতিষ্ঠান বৈদেশিক কল আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। আন্তর্জাতিক কল আদান-প্রদানে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) বিভিন্ন কোম্পানিকে ক্যারিয়ার হিসেবে কাজ করার সুযোগ করে দেয়।
বাংলাদেশে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় টেলিকম ক্যারিয়ারদের আন্তজার্তিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের টেলিকম ক্যারিয়ার প্রতিষ্ঠান, সাব সি ও টেরিস্ট্রোরিয়াল ক্যাবল অপারেটর, ডাটা সার্ভিস প্রোভাইডার, কো-লোকেশন প্রোভাইডার, অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস ডেভেলপরাস, হ্যান্ডসেট এবং যন্ত্রপাতি নির্মাতা সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছে।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে একাধিক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। সেমিনারে দেশি-বিদেশি টেলিকম বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এ ছাড়া সম্মেলনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক মত বিনিময়ের পাশাপাশি তাদের সর্বশেষ প্রযুক্তির প্রদর্শন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৭০৫ ঘ.
bdnews24