ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, খাদ্যপণ্যে ফরমালিন দেওয়া বন্ধে এসিড নিয়ন্ত্রণ আইনের মতো কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর গুলশান কাঁচা বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, “শিগগিরই আইনটি চূড়ান্ত করে পাস করবে সরকার।”
এ নিয়ে রাজধানীর চারটি কাঁচাবাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হলো। এর আগে মালিবাগ, শান্তিনগর ও মহাখালী কাঁচা বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হয়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র উদ্যোগে বাজারগুলোতে একটি করে ফরমালিন সনাক্তকরণ মেশিন সরবরাহ করা হয়েছে। এটি পরিচালনার জন্য বাজার কমিটির দুজনকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এজন্য অর্থ সহায়তা দিচ্ছে দেশের বিভিন্ন ব্যাংক।
গুলশান কাঁচা বাজারে ফরমালিন সনাক্তকরণ মেশিন সরবরাহে আর্থিক সহযোগিতা করেছে এক্সিম ব্যাংক।
জিএম কাদের আরো বলেন, আইনই শেষ কথা নয়। এর সফল বাস্তবায়ন দরকার। ফরমালিনের অপব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। তিনি এ কার্যক্রমে বাজার কমিটিগুলোকে জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, অতি মুনাফার লোভে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পণ্যে ভেজাল ও রাসায়নিক মেশাচ্ছে। এদের বিরুদ্ধে সৎ ব্যবসায়ী, ভোক্তা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি এই পরিস্থিতির জন্য অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকেও দায়ী করেন।
এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, কোনো বাজারে একটি ফরমালিন মেশিন দিলেই বাজারটির সব পণ্য ফরমালিনমুক্ত হবে এমন ভাবা ঠিক হবে না। এজন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন হতে হবে। ফরমালিনমুক্ত পণ্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। একইসঙ্গে খাদ্যপণ্যে ফরমালিন মেশানো বন্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক হেলালউদ্দিন, এ´িম ব্যাংকের পরিচালক হাবিবুল্লাহ ডন, গুলশান সোসাইটির সভাপতি প্রকৌশলী রুহুল মতিন, গুলশান কাঁচা বাজার কমিটির সভাপতি শাহজাহান সিদ্দীকি প্রমুখ।
তারা ফরমালিনের অপব্যবহার বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান।
পরে বাণিজ্যমন্ত্রী ফিতা কেটে গুলশান কাঁচা বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এইচএ/১৬৫৫ ঘ.
bdnews24