২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ

শরীয়তপুরের জাজিরা উপজেলার এক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

শরীয়তপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরা উপজেলার এক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে বড়কান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সফিজ উদ্দিন খলিফার সমর্থকরা অন্তত দশটি পাড়ার অর্ধশতাধিক বাড়িতে এ হামলা চালায় বলে অভিযোগ করেন বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজ সরদারের সমর্থকরা। পুলিশ জানায়, হামলায় আহত হয় অন্তত ৫০ জন। এদের মধ্যে টেটাবিদ্ধ দানেস সরদার, হারুন সরদার ও সোরহাব মদবরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে খোকন, দুলু, রিপন, দেলোয়ার, আনিছ, ফারুক ও ধলুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সফিজ উদ্দিন খলিফা। ১৪ বছর পর বড়কান্দি ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর এই ইউনিয়নের ভোট হবে। এ নির্বাচন নিয়ে দুই প্রার্থীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে বলে জানান গ্রামবাসী। জাজিরা থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, ভোর রাতে এই হামলার ঘটনা ঘটে। দুই যুগ ধরে দুই প্রার্থীর মধ্যে বিরোধ চলে আসছে। ইউনিয়নের কোতায়াল কান্দি, মীর আলী মাদবর কান্দি, মৃধা কান্দি, মাঝি কান্দি, খলিফা কান্দি, চেরাগ আলী সরদার কান্দিসহ ১০টি পাড়ার বেশকিছু ঘরবাড়ি কুপিয়ে ভাংচুর ও লুটপাট করে। হামলায় বোমা, টেটাসহ দেশি অস্ত্র ব্যবহার করা হয়। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। চেয়ারম্যান প্রার্থী সফিজ উদ্দিন খলিফা জানান, তার সমর্থকরা এ হামলার সঙ্গে জড়িত নয়। বরং প্রতিপক্ষের লোকজন হামলা করতে এলে তারা প্রতিহত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩২৯ঘ.