২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা মর্গে, হদিস নেই নবজাতকের

সন্তান জন্মের পরই মৃত্যুর কোলে ঢলে পড়া মায়ের শব দুদিন ধরে পড়ে আছে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

বরিশাল, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্তান জন্মের পরই মৃত্যুর কোলে ঢলে পড়া মায়ের শব দুদিন ধরে পড়ে আছে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এদিকে জন্ম নেয়া কন্যাশিশুটি কোথায় তা বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর বিষয়টি জানাজানি হয়। জিডিতে বলা হয়, পটুয়াখালীর সুবিদখালীর মো. জাহাঙ্গীরের স্ত্রী পারভীন (২৫) গত ২৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। ১৪ নভেম্বর সকালে অস্ত্রপচারের মাধ্যমে তার মেয়ে হয়। এর কিছুক্ষণ পর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে পারভীনের মৃত্যু হয়। কিন্তু কোনো স্বজন না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পারভীনের মরদেহ মর্গে রেখে দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়। জিডি হওয়ার পর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ঘটনাস্থলে যান। কিন্তু দুদিন বয়সী শিশুটির কোনো সন্ধান পাননি তিনি। এসআই আব্দুর রহমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারভীনের স্বজনদের খোঁজ পাওয়া গেছে। তার মাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি মেয়ের লাশ নিতে আসছেন। হাসপাতালের পরিচালক ফেরদৌস আলম শিবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এ সম্পর্কে কিছু জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৫ ঘ.