চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি হোটেলের ম্যানেজারকে ওই হোটেলেরই এক কর্মচারী কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমজান (১৯) নামে এক হোটেল বয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।
বৃহস্পতিবার ভোরে খাতুনগঞ্জের মদিনা হোটেলের ম্যানেজার মো. নাসিরকে (৪২) খুন করা হয় বলে পুলিশ জানায়।
নাসির বাঁশখালী উপজেলার বড়পুকুরিয়া ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মৃত সৈয়দ নুরুল হুদার ছেলে।
কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতের কোনো এক সময়ে খাতুনগঞ্জের মদিনা হোটেলের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা নাসিরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে ধারণা করছি। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।
ওসি বলেন, গ্রেপ্তার করা রমজান প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করে জানায়, অনৈতিক কাজের প্রস্তাব দেয়ায় ক্ষুব্ধ হয়ে ম্যানেজারকে খুন করেছে সে।
তবে হোটেলের ক্যাশবাক্স ভাঙা এবং টাকা পয়সা তছনছ অবস্থায় দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নাসিরের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এসইউ/১১৩৫ ঘ.
bdnews24