২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতের কর্মসূচির দায় বিএনপির নয়’

জামায়াতের কর্মসূচির পেছনে ‘অন্য দল’ জড়িত বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও প্রত্যাখ্যান করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্য প্রত্যাখ্যানের পাশাপাশি সারাদেশে জামায়াতে ইসলামীর ‘তাণ্ডবের’ দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে বিএনপি। বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের বৈঠকের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান, যে বৈঠকে জামায়াত নেতারাও ছিলেন। বিএনপির জোট শরিক জামায়াতের কর্মীদের সঙ্গে গত কয়েকদিনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশের ওপর চড়াও হওয়ার পাশাপাশি মঙ্গলবার আইনমন্ত্রীর গাড়িবহরেও হামলা চালায় ইসলামী ছাত্রশিবির। এর পরিপ্রেক্ষিতে বুধবার মহীউদ্দীন খান আলমগীর বলেন, “হামলার সঙ্গে জড়িত জামায়াতের সঙ্গে যাদের গাঁটছড়া রয়েছে- তা কীসের? তাদের এ ঘটনার সঙ্গে কতিপয় রাজনৈতিক দলের জড়িত থাকার প্রমাণ আমাদের কাছে রয়েছে, আমরা এটা প্রত্যক্ষ করেছি।” মন্ত্রী কোনো দলের নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত ছিল যে বিএনপির দিকে, তা স্পষ্ট। গত কয়েকদিনে সরকারি দলের একাধিক নেতা বলেছেন, বিএনপির ‘মদদে’ পুলিশের ওপর হামলা চালাচ্ছে জামায়াত। মন্ত্রীর এই অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগ সর্বৈব মিথ্যা। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার জন্যই বিরোধী দলের ওপর সরকার সুকৌশলে এসব নির্যাতন চালাচ্ছে। “জামায়াতে ইসলামীর কর্মসূচির দায় তাদের, এর জবাবদিহিতা তারাই করবে। এর সঙ্গে বিএনপিকে জড়ানোর কোনো সুযোগ নেই।” যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ এবং আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে জামায়াতের নিজস্ব কর্মসূচি চলছে। আর ওই সব কর্মসূচি থেকে পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াতকর্মীরা, যা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে হচ্ছে বলে সরকারের দাবি। পুলিশের ওপর জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলার বিষয়ে বিএনপির মুখপাত্র বলেন, “বিএনপি কোনো সহিংস কর্মসূচিতে বিশ্বাস করে না। জামায়াতের কর্মসূচির দায় তাদের।” “তবে আমরা মনে করি, জামায়াতে ইসলামী দেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তাদেরকে সভা-সমাবেশ-মিছিল করতে না দেয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। সরকার সুকৌশলে তাদেরকে কর্মসূচি করতে না দিয়ে এরকম ঘটনা ঘটাতে বাধ্য করছে,” যোগ করেন তিনি। জামায়াতকে নিয়ে সম্প্রতি খালেদা জিয়ার একটি বক্তব্যও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। নির্দলীয় সরকার না হলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া বিএনপির চেয়ারপারসন সম্প্রতি কক্সবাজারের রামুতে এক সমাবেশে বলেন, জামায়াতকে নির্বাচনে নিতে চাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ অবশ্য খালেদার ওই বক্তব্য উড়িয়ে দিয়ে বলেছে, এই ধরনের কথা বলে বিরোধীদলীয় নেতা ‘বিভ্রান্তি’ তৈরি করতে চাইছেন। গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন খালেদা জিয়া। ফখরুল জানান, ২৮ নভেম্বর ঢাকায় ১৮ দলীয় জোটের জনসভা হবে। সেখানে খালেদা জিয়া আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন। ওই জনসভাকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ অভিহিত করে বিএনপি নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি তুলে ধরাই ওই জনসভার মূল উদ্দেশ্য। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ওপর সরকারের কথিত দমন-পীড়ন, খালেদা জিয়ার চীন ও ভারত সফর, আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। খালেদার ভারত ও চীন সফর সম্পর্কে ফখরুল বলেন, “ওই সফরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্তের উন্মোচন এবং চীনের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।” খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমদ, জামায়াতে ইসলামীর মহানগর নায়েবে আমির আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ এর জেবেল রহমান গানি, মুসলিম লীগের এ এইচ এম কামারুজ্জামান খাঁন, ভাসানী ন্যাপ শেখ আনোয়ারুল হক, পিপলস লীগের গরীব নেওয়াজ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শেখ আবদুল মমিন, ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন। এছাড়া জোটের মহাসচিবদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিজেপি’র শামীম আল মামুন, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের অধ্যাপক আহমদ আবদুল কাদের, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, জাগপা’র খন্দকার লুৎফর রহমান, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি’র আলমগীর মজুমদার, বাংলাদেশ লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপ’র গোলাম মোস্তফা ভূইয়া, ন্যাপ ভাসানীর হাসরত খান ভাসানী, মুসলিম লীগের আতিকুল ইসলাম, ইসলামী পার্টির এম এ রশিদ প্রধান, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি মাওলানা ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/এমআই/২৩২৮ ঘ.