ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমী প্রাঙ্গণে ‘হে ফেস্টিভাল’ বন্ধ করার দাবি জানিয়েছে কবি ও লেখকদের একটি সংগঠন।
বুধবার বিকালে বাংলা একাডেমীর সামনে ‘বাংলাদেশ কবি-লেখক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ’ ব্যানারে সংগঠনটি ওই উৎসব বন্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করে।
আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ‘হে ফ্যাস্টিভাল’ হওয়ার কথা রয়েছে।
মানববন্ধন ও সমাবেশের আগে বিক্ষোভকারীরা কাজী নজরুল ইসলামের মাজার থেকে একটি মিছিল বের করে। এ সময় তারা বাংলা একাডেমীর দেয়ালে সাঁটানো ‘হে ফেস্টিভালের’ পোস্টার ছিড়ে ফেলেন।
সমাবেশে কবি মো. নুরুল হুদা বলেন, “মহান একুশে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাবাহী জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমী প্রাঙ্গণে নব্য-উপনিবেশবাদী, ভাষিক বৈষম্যধর্মী ও সাংস্কৃতিক আগ্রাসনমূলক তথাকথিত ‘হে ফেস্টিভাল’ করা যাবে না।”
বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালককে স্বৈরাচার আখ্যায়িত করে তিনি বলেন, “এমন একটি আয়োজনকে বাঙালির সৃষ্টিশীলতার অবিনাশী অভিব্যক্তি অমর একুশে গ্রন্থমেলার সমান গুরুত্বপূর্ণ আখ্যায়িত করার স্পর্ধা দেখিয়ে তিনি বাংলাদেশের জাতীয় স্বাতন্ত্র্য, একুশের চেতনা, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সঙ্গে তিনি বেঈমানি করেছেন।”
গতবার এই উৎসবটি ব্রিটিশ কাউন্সিলে হয়েছিল। এবারো সেখানে হতে পারতো বলে মন্তব্য করেন নুরুল হুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৯ ঘ.
bdnews24