কুমিল্লা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় মঙ্গলবার কুমিল্ল¬ার লাকসাম উপজেলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
দুপুরে উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ এবং উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানায় পুলিশ। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একটি মামলা তদন্ত করার জন্য পশ্চিমগাঁও সামনীরপুল এলাকায় যান। মামলার সাক্ষ্য নেয়ার সময় দুই পক্ষের নেতাকর্মীরা কথা কাটাকাটি ও পরে ওই এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে স্থানীয় সাপ্তাহিক সবুজপত্রের প্রধান সম্পাদক জামাল উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি মোশারফ হোসেন মশু, শ্রমিক দল নেতা সেলিম সোহেল, মান্নান, তাজুল ইসলাম, জসিম উদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ সময় ভাইয়া গ্রুপের পরিচালক বিএনপি নেতা মজির আহমেদের মালিকানাধীন সোহাগ মৎস্য খামারে ব্যাপক ভাংচুর, নগদ অর্থ লুটপাটসহ ৭টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খামারের ৬ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছে বলে দাবি করেন ভাইয়া গ্রুপের ম্যানেজার জসিম উদ্দিন।
পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান লাকসাম থানার ওসি মাঈন উদ্দিন খান।
বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু জানান, দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে সামান্য কথা কাটাকাটি হয়েছে। তার সমর্থকরা কোথাও হামলা করেনি বলে দাবি করেন হিরু।
উপজেলা চেয়ারম্যান মজির আহমদ জানান, তিনি এখন ঢাকায় আছেন। ভাংচুরের ঘটনায় মামলা করবেন।
হামলার জন্য তিনি হিরুর সমর্থকদের দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০২১ ঘ.
bdnews24