২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: গোলাম রসুলের জেরা চলছে

দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম সাক্ষী কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির হাবিলদার গোলাম রসুলের জেরা অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম সাক্ষী কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির হাবিলদার গোলাম রসুলের জেরা অব্যাহত রয়েছে। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে মঙ্গলবার দুপুর পৌনে একটা থেকে শুরু হয়ে দেড় ঘন্টার বিরতিতে বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত তাকে জেরা করেন আসামি পক্ষের দুই আইনজীবী। হাবিলদার গোলাম রসুলকে জেরা করেন আসামি মেজর লিয়াকত ও হাফিজুর রহমানের আইনজীবী যথাক্রমে আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ ও মাহমুদুর রহমান। এর আগে গত ১ নভেম্বর মেজর লিয়াকত হোসেনের আইনজীবীর জেরা অসমাপ্ত রেখেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় মঙ্গলবার। গত ৩১ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন গোলাম রসুল। সাক্ষ্যে তিনি বলেন, “ঘটনার রাতে জেটি ঘাটে উপস্থিত হাফিজ ও উলফা নেতা আবুল হোসেন পরিচয় দানকারী মেজর লিয়াকত কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমানকে বলেন, এসব অস্ত্র ও গোলাবারুদ উলফার জন্য আনা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের সব সংস্থা এ বিষয়ে অবগত আছে।” মঙ্গলবার জেরায় মেজর লিয়াকত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী গোলাম রসুলকে প্রশ্ন করেন, ‘আপনার চাকরির ৩০/৩৫ বছরের মধ্যে উলফার কোনো সদস্য দেখেছেন?’ উত্তরে গোলাম রসুল বলেন, “যা দেখেছি তা তো আদালতে বলেছি। এছাড়া আর কোনো সদস্য দেখিনি।” আরেক প্রশ্নে উলফার ভাষা ও পোশাক সম্পর্কে জানতে চাইলে জানেন না বলে জবাব দেন এ সাক্ষী। বিরতির পর গোলাম রসুলকে বিকাল সাড়ে ৩ টা থেকে জেরা শুরু করেন হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান। জেরা শেষে বিচরাক বুধবার সকাল পর্যন্ত আদালত মুলতবি করেন। ওই দিন গোলাম রসুলকে পুনরায় জেরা করা হবে। এর আগে বেলা পোনে ১২ টার দিকে কড়া নিরাপত্তায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৯৪২ ঘ.