ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ পরিবারের জন্য নভেম্বর মাস প্রতিবছর ‘জন্মোৎসব’ হয়ে এলেও এবার যেন তা শুধুই বিষাদ। ৬৪তম জন্মদিনে সেই ‘আনন্দমানব’ নিজেই যে আজ নেই।
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনের আয়োজন যেন সে সাক্ষ্যই দিচ্ছিল।
ছেলে নিনিত ও নিষাদের সঙ্গে ধানম-ির দখিন হাওয়ার ফ্লাটে কাটিয়েছেন হুমায়ূনের মা আয়েশা ফয়েজ। রাত ১২টায় কেক কাটা হয়। এ সময় হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওনসহ পরিবারের কিছু ঘনিষ্টজন উপস্থিত ছিলেন।
হুমায়ূনের অনুজ কার্টুনিস্ট ও রম্যলেখক আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে আমাদের পারিবারিক উৎসব শুরু হতো দাদা ভাইয়ের জন্মদিন দিয়ে। এই দুই মাসের মধ্যেই আমাদের সব ভাই বোনের জন্মদিন। এছাড়া আমার মেয়েসহ, ভাই বোনদের কয়েকটি ছেলে-মেয়ের জন্মদিনও এই দুই মাসের মধ্যেই।”
“এই জন্মদিনগুলো ঢাক ঢোল পিটিয়ে না, একের পর এক ঘরোয়া আয়োজনে উৎসবের আমেজে পালন করতাম আমরা। এবার আর কোনো উৎসব নেই। আমাদের উৎসব থেমে গেছে।”
হুমায়ূন বেঁচে থাকাকালীন তার জন্মদিনগুলো কীভাবে পালিত হতো জানতে চাইলে তিনি বলেন, “আম্মা সারাদিনই থাকতেন দাদাভাইয়ের বাসায়। সেদিনের রাতের খাবারটা হাসি ঠাট্টার সঙ্গে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া হতো।”
ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে মারা যান হুমায়ূন।
নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূনের গত জন্মদিন কীভাবে পালিত হয়েছিল জানতে চাইলে মাজহার বলেন, “স্যারের গত জন্মদিনের আগেই আমি নিউইয়র্ক থেকে চলে আসি। তারপর দখিন হাওয়াতেই ওনার মা, ছেলে নূহাশের উপস্থিতিতে আমরা কেক কেটে তার জন্মদিন পালন করি। কেক কাটার সময় স্কাইপিতে স্যারের সাথে কথা হয়। তিনি অসুস্থ অবস্থাতেই খুব মজা করে আমাদের সবার সাথে কথা বলেছিলেন।”
গত ৭-৮ বছর ধরে দখিন হাওয়াতে একইভাবে তার জন্মদিন পালন করা হয়েছে বলেও জানান এই প্রকাশক।
জন্মদিনে নানা আয়োজন
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তার বইয়ের প্রকাশকদের আয়োজনে মঙ্গলবার বেলা ৩টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে ১২ দিনব্যাপী একক বইমেলার উদ্বোধন করেন তার মা আয়েশা ফয়েজ। পরে বিকালে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা, স্মৃতিচারণ ও আবৃত্তি।
একই সঙ্গে নিউইয়র্কে লেখকের শতাধিক গ্রন্থ, চলচ্চিত্র, নাটক এবং গান নিয়ে ৫ দিনব্যাপী হুমায়ূন স্মৃতিমেলার আয়োজন করেছে প্রকাশনা সংস্থা মুক্তধারা। জ্যাকসন হাইটস এর মুক্তধারার প্রধান কার্যালয়ে স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।
এছাড়া হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আই পালন করছে হিমু দিবস। তেজগাঁ চ্যানেল আই কার্যালয়ে চলছে দিনব্যাপী হুমায়ূন মেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৭০৪ ঘ.
bdnews24