সিরাজগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে তিন খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন ব্রাহ্মণ গ্রামের নিহত শামসুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৫), শমেস আলীর ছেলে সেরাজুল ইসলাম (২৫), শাহজাদপুরের নুকালীপাড়া গ্রামের সোনাউল্লাহর ছেলে আব্দুল কুদ্দুস (৩০) এবং এনায়েতপুরের কামারপুর গ্রামের আনছার আলীর ছেলে আব্দুল করিম (২৩)।
বেলকুচি থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে সৈয়দুল আলী ও আলমগীর হোসেন নিহতের ঘটনায় সৈয়দুলের ছোট ভাই আব্দুল্লাহ বাদী হয়ে ১৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় মঙ্গলবার ভোরে বগুড়া হাসপাতাল থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ওই সংঘর্ষে প্রতিপক্ষ শামসুল হত্যার ঘটনায় এ পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি বলে পুলিশ কর্মকর্তা জানান।
সোমবার সকালে বেলকুচি উপজেলার ব্রাহ্মণ গ্রামে জমি দখল নিয়ে দু’গ্রপের সংঘর্ষে নিহত হন ওই গ্রামের সৈয়দুল আলী (৩২) এবং তার ফুফাতো ভাই আলমগীর হোসেন (৪০) এবং এদের চাচা প্রতিপক্ষ শামসুল হক (৫০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.
bdnews24