২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন চেয়ে হাই কোর্টে গিয়ে বিফল ডেসটিনি এমডি

অর্থ পাচারের দুই মামলায় জামিন চেয়ে হাই কোর্টে গিয়ে নিস্ফল হয়েছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের দুই মামলায় জামিন চেয়ে হাই কোর্টে গিয়ে নিস্ফল হয়েছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন। মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল ইসলামের বেঞ্চে জামিনের আবেদন নিয়ে যান রফিকুল আমীন। কিন্তু আদালতক জামিন দিতে রাজি না হলে আইনজীবীরা আবেদনটি ফিরিয়ে নেন। এমডির পাশাপাশি ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিনের আবেদনও জানানো হয়েছিল। শুনানিতে দুই জামিনপ্রার্থীর আইনজীবী ছিলেন আব্দুল বাসেত মজুমদার। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মামুন। শুনানির পর আদালত জামিন দিতে রাজি না হওয়ায় বাসেত মজুমদার জামিনের রুল প্রার্থনা করেন। কিন্তু বিচারক রুলও দেবেন না বলে জানান। পরে ‘অন্য আদালতে মামলা পরিচালনা অনুমতি’ দিয়ে আবেদন ফেরত নেন ডেসটিনিকর্তাদের আইনজীবী। বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, “আদালত জামিন দিতে রাজি না হওয়ায় আমরা ফাইল ফেরত নিয়েছি। এখন অন্য কোনো আদালতে যেতে চেষ্টা করব। এমনকি নিম্ন আদালতেও যেতে পারি।” “সংশ্লিষ্ট বিচারিক আদালত বাতিল করে কারাগারে পাঠায়। এই আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা আদালতে যাই। কিন্তু সেখানে জামিন দেয়নি। এই আদেশের বিরুদ্ধে আমরা হাই কোর্টে এসেছিলাম।” খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তাদের আবেদন কার্য তালিকা থেকে বাদ দিয়েছে। সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৩২ ঘ.