২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

বকেয়া পরিশোধ এবং বেতন বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া পরিশোধ এবং বেতন বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং গার্মেন্টস লিমিটেডে এ সংঘর্ষ হয়। এ সময় প্রায় একঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটির শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে দুই মাসের বকেয়া বেতন পরিশোধ এবং বেতন বাড়ানোর দাবিতে ভেতরে বিক্ষোভ শুরু করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়ে লাঠিপেটা করলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০০ ঘ.