২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নয়নে জন্য সংগ্রাম বেলারুশেও ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সমাবেশে বাংলাদেশ ও বেলারুশের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন ঢাকা সফররত দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মতো বেলারুশও উন্নয়নের জন্য সংগ্রাম করে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র-শিক্ষকদের এক সমাবেশে বাংলাদেশ ও বেলারুশের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরে মিয়াসিনকোভিচ বলেন, “দু’দেশের সংস্কৃতি আলাদা হলেও উন্নয়নের চিত্র প্রায় একই রকম। দু’দেশই উন্নয়নের ক্ষেত্রে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে।” কৃষি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশকে বৈজ্ঞানিক সহযোগিতার আশ্বাস দেন মিয়াসনিকোভিচ। তবে এ ক্ষেত্রে দেশীয় ব্যবসায়ী, কর্পোরেট প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেলারুশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক প্রকল্প চালু করা হবে। ‘সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইন বেলারুশ, ক্রিয়েশন অব ইনোভেটিভ ইকোনমি: ভিউ টু দ্য ট্রান্সফর্মেশনাল প্রসেস’ শীর্ষক বক্তৃতায় মিয়াসনিকোভিচ বলেন, যে কোনো উন্নয়নের জন্যই বৈজ্ঞানিক নীতিমালার প্রয়োজন। বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষিকে প্রধান হাতিয়ার উল্লেখ করে কৃষিক্ষেত্রে বাংলাদেশকে প্রযুক্তিগত সব সুবিধা দেয়ার কথা জানান তিনি। “আমি মনে করি বাংলাদেশ প্রযুক্তিতে আগের থেকে অনেক এগিয়েছে এবং এগিয়ে যাচ্ছে।” বেলারুশ প্রধানমন্ত্রী তাদের নিজস্ব ভাষায় বক্তৃতা দেন আর তার এক সহকারী তা ইংরেজিতে অনুবাদ করে শোনান। বেলারুশের প্রযুক্তিগত উন্নয়নের প্রশংসা করে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মিয়াসিনকোভিচ একাধারে প্রকৌশলী, অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তার নেত্বত্বেই বেলারুশের এ উন্নয়ন সাধন হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ এবং নাট্যকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তিন দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন বেলারুশের নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/এসইউ/১৪১৮ ঘ.