রংপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা যুবদলের সহ তথ্য সম্পাদক রেজাউল করিম মিলন সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার ঘটনায় বুধবার আধা বেলা হরতাল ডেকেছে স্থানীয় যুবদল।
জেলা যুবদলের সভাপতি রইস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলায় হরতাল পালন করা হবে।”
এছাড়া মিলন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার শোকযাত্রা এবং বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল ও বিএনপি।
কেবল অপারেটর মিলন (৩৮) সোমবার রাত ১০টার দিকে শহরের পাশারিপাড়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন। মুখোশধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করার পর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জেলা যুবদলের সহ তথ্য সম্পাদক মিলন পাশারিপাড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে।
কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন বলেন, কেবল টিভির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মিলনকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তাকে বেশ কিছুদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল বলে সোমবার রাতে সাংবাদিকদের জানান মিলনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জলি।
ওসি আলতাফ হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৩০৫ ঘ.
bdnews24