২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাফিসের জন্য সব বাংলাদেশিকে দুষবেন না’

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার কাজী মো. রেজওয়ানুল আহসান নাফিসকে দিয়ে বাংলাদেশিদের বিচার না করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে স্মারকলিপি দেয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 06:54 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার কাজী মো. রেজওয়ানুল আহসান নাফিসকে দিয়ে বাংলাদেশিদের বিচার না করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে স্মারকলিপি দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া বাংলাদেশি একদল তরুণ এই উদ্যোগ নিয়েছে। সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এনিয়ে একটি সংবাদ সম্মেলনও করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, “নাফিস যদি দোষ করেও থাকে, তবুও তা বাংলাদেশের বাঙালিদের সামগ্রিক বৈশিষ্ট্যের পরিপূরক নয়। “বাংলাদেশের মানুষ সবসময় যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধী এবং তারা শান্তিতে বাস করতে চায়।” শিক্ষা ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া নাফিসকে গত ১৭ অক্টোবর গ্রেপ্তার করা হয়। এর পরদিনই যুক্তরাষ্ট্রের সিনেটে শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি আরোপের প্রস্তাব দেন সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক শ্যুমার। সংবাদ সম্মেলনে উদ্যোক্তাদের অন্যতম শেখ আল মামুন বলেন, “যে কোনো ধরনের সন্ত্রাসকে বাংলাদেশ ঘৃণা করে। একইভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কোনো ধরনের অপতৎপরতাকে বাংলাদেশিরা সমর্থন করে না।” অন্যতম উদ্যোক্তা আবু জামান বলেন, শিকাগোর সিয়ার্স টাওয়ার তৈরি করেছেন স্থপতি এফ আর খান, খান একাডেমি তৈরি করেছেন সালমান খান, ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী জাওয়াদ। এরা সবাই বাংলাদেশি। সংবাদ সম্মেলনের অন্যতম উদ্যোক্তা শামসুল হক জানান, গুটিকয়েকের মন্দকাজের জন্য বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কংগ্রেস বিশেষ কোনো পদক্ষেপ যাতে না নেয়, সে অনুরোধ জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচি চালানো হবে। এরপর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি কংগ্রেসে দেয়া হবে। এদিকে নাফিসের সঙ্গে সরাসরি কথা বলার যে আবেদন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে করেছে, তা উত্তর এখনো পায়নি নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। নাফিসের মামলা এখনো গ্র্যান্ড জুরিতে পাঠানো হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ব্রুকলিনে ফেডারেল কোর্টের মুখপাত্র রবার্ট নারডোজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৫০ ঘ.