২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি লিখব উপন্যাস, তোমরা ইতিহাস’

বন্ধু হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীর পূর্বক্ষণে তার স্মৃতি এবং তার লেখা দেয়াল উপন্যাস নিয়ে আলাপচারিতার কথা বলেছেন অধ্যাপক আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 06:24 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

আহমেদ সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পটভূমিতে লেখা ‘দেয়াল’ ইতিহাসের চেয়ে উপন্যাস হিসেবেই গুরুত্বপূর্ণ ছিল হুমায়ূন আহমেদের কাছে। ইতিহাসকে আশ্রয় করে জাতির ইতিহাসের নির্মম ওই হত্যাকাণ্ড আখ্যানের বয়ানে তিনি উপস্থাপন করতে চেয়েছিলেন বলে জানালেন অধ্যাপক আনোয়ার হোসেন। উপন্যাসে তথ্যগুলো যেন ঠিক থাকে, সেজন্য বন্ধু ও এক সময়ের সহকর্মী আনোয়ারকে পাণ্ডুলিপি পাঠিয়েছিলেন হুমায়ূন আহমেদ। গত ১৯ জুলাই জীবনাবসানের আগে ওই পাণ্ডুলিপির সঙ্গে একটি চিঠিও লেখেন, যাতে প্রকাশিতব্য উপন্যাসটি নিয়ে লেখকের ভাবনা ফুটে উঠেছে। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্ম নেয়া হুমায়ূন একালের বাংলা সাহিত্যের জনপ্রিয়তম লেখকে পরিণত হয়েছিলেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেয়ালে ইতিহাসের কোনো ভুল আছে কি না তা ধরিতে দিতে অনুরোধ জানালেও গ্রন্থটিকে ইতিহাসের আলোকে নয়, উপন্যাসের কাঠামোয় বিচারের অনুরোধ ছিল তার। “মনে রাখবে, আমি একজন লেখক, ইতিহাসবিদ নই। আমি লিখব উপন্যাস, তোমরা লিখবে ইতিহাস,” চিঠিতে লিখেছেন হুমায়ূন। গত ১১ মে এই দেয়াল উপন্যাসের দুটি অধ্যায় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ওই উপন্যাসের দুটি অধ্যায়ে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের হত্যাদৃশ্যের বিবরণ ও খন্দকার মোশতাক আহমেদকে উপস্থাপন নিয়ে আপত্তি জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি আদালতের নজরে আনলে এ বিষয়ে একটি আদেশ দেয় হাই কোর্ট। গত ১৫ মে হাই কোর্ট ওই আদেশে উপন্যাসটি সংশোধন করে প্রকাশের আশা প্রকাশ করে। আনোয়ার হোসেন বলেন, “এর আগেই হুমায়ূন পাণ্ডুলিপিটা আমাদের কাছে পাঠিয়েছিলেন। নির্দেশনার বিষয় দুটিকে অত বড়ও মনে হয়নি।” হুমায়ূন আহমেদ ও আনোয়ার হোসেন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। হুমায়ূন ছিলেন রসায়ন বিভাগে, আনোয়ার ছিলেন প্রাণ রসায়ন বিভাগে। পা-ুলিপি ও চিঠির সঙ্গে বন্ধুর জন্য কিছু উপহারও ছিল হুমায়ূনের, তখন তিনি যুক্তরাষ্ট্রে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। চিঠিতে শুধু দেয়াল নয়, পেছনে ফেলে আসা সময়ের কথাও তুলে ধরেন হুমায়ূন। আনোয়ার হোসেন বলেন, “চিঠি পড়ে অবাক হই, সে সব কিছুই মনে রেখেছে। যদিও তার সঙ্গে শেষ দেখা হয়েছিল ১৯৯৩ সালে।” হুমায়ূন আহমেদ লেখেন, “তোমার কি মনে আছে, ক্লাবে (ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব) বসে অনেকদিন তোমার ভাঙা মোটর সাইকেলে করে আমাকে নারায়ণগঞ্জের বাসায় নিয়ে যেতে চেয়েছিলে।” “তখন না গিয়ে ভালোই হয়েছে, হয়ত আমাকেও জেলে ঢুকতে হত।” চিকিৎসার ফাঁকে দেশে ফিরেও রাজধানীর বাসভবন ‘দখিনা হাওয়ায়’ বন্ধু আনোয়ার হোসেনকে আমন্ত্রণ জানান হুমায়ূন। সেখানেও দেয়াল নিয়ে কথা হয় তাদের। কথার এক পর্যায়ে কর্নেল ফারুককে মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন নিয়ে লেখকের সঙ্গে আনোয়ার হোসেনের মতবিরোধ দেখা দেয়। তখন দেয়াল নিয়ে হুমায়ূন আহমেদ বলেন, “আমি কোনো ইতিহাস লিখিনি।” সর্বশেষ গত ২৯ মে একসঙ্গে ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে বন্ধু হুমায়ূনের সঙ্গে চিরদিনের মতো বিচ্ছেদ ঘটে, বলেন আনোয়ার হোসেন। আদালতের নির্দেশনার পর ‘দেয়াল’ উপন্যাসের সংশোধন হুমায়ূন আহমেদ নিজেই শেষ করে গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম। তবে সংশোধিত ‘দেয়াল’ কবে প্রকাশিত হবে সে বিষয়ে বলেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/০০১৪ ঘ.