নেত্রকোনা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়ায় এক নারীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার ছিলিমপুর ও কমলপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে কমলপুর গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নারীকে উত্ত্যক্ত করে ওই গ্রামের কয়েকজন বখাটে।
ছিলিমপুর গ্রামের কয়েকজন যুবক এ ঘটনার প্রতিবাদ করলে দুই গ্রামের বাসিন্দারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে র্যাব ও দাঙ্গা পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনার পর ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৪৫ ঘ.
bdnews24