সাতক্ষীরা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাতক্ষীরা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার ভোরে সদরের তলুইগাছা থেকে মো. রানাকে (২৭) নিয়ে যায় তারা। রানা উপজেলার গোবিন্দকাটি গ্রামের শেখ শওকাত আলির ছেলে।
এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং রানাকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয়দের বরাত দিয়ে ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আবু মোতাহার মো. সোহেল বলেন, গরু নেয়ার জন্য ভোর ৪টার দিকে সীমান্তে অপেক্ষা করছিলেন রানা। এ সময় ভারতের তারালি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা এপাড়ে এসে তাকে নিয়ে যায়।
এ ব্যাপারে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে মেজর সোহেল জানান।
বিজিবি তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, রানাকে ফেরত আনার বিষয়ে দুপুরে বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে। তাকে ভারতের স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৩৩ ঘ.
bdnews24