২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডির পর দুর্ভোগে আটলান্টিক সিটির বাংলাদেশিরা

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত আটলান্টিক সিটি ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশির বেশিরভাগই এখন কর্মহীন হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউইয়র্ক, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত আটলান্টিক সিটি ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশির বেশিরভাগই এখন কর্মহীন হয়ে পড়েছেন। নিউ জার্সি রাজ্যের বিনোদনের শহর হিসেবে পরিচিত আটলান্টিক সিটির ক্যাসিনোসহ বিনোদনকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় কাজ পাচ্ছেন না তারা। অনেকের বাড়িতে ঝড়ের পর থেকে এখনও বিদ্যুৎ ও গ্যাস সংযোগ মেরামত হয়নি। গত ২৯ অক্টোবর রাতে ঘণ্টায় ৮০ মাইল বেগে নিউ জার্সি উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি। রেকর্ড ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্কের বিস্তীর্ণ এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত আটলান্টিক সিটিও চলে যায় পানির নিচে। এই ঝড়ে অন্তত ১২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটলান্টিক সিটিতে প্রায় তিন হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী থাকেন। তাদের সঙ্গে শহরের আশপাশের বিভিন্ন স্থানে বাস করা আরও ৪/৫ হাজার বাংলাদেশির অনেকেই কাজ করেন এ শহরে। এদের মধ্যে অনেকেই শহরে ক্যাসিনোতে চাকরি করে এবং ট্যাক্সি চালিয়ে রোজগার করেন। স্যান্ডি আঘাত হানার পর আটলান্টিক সিটিতে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। ক্যাসিনোগুলো আংশিকভাবে চালু করা হলেও দর্শনার্থীরা কম আসায় আধা বেলা কাজ করানোর পর কর্মচারীদেরকে ছুটি দেয়া হচ্ছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন বাংলাদেশিরা। অনেকের ছোটখাটো ব্যবসাও বন্ধ রয়েছে। ঝড়ে আটলান্টিক সিটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা টেক্সাস এভিনিউ এবং ফ্লোরিডা এভিনিউতে অনেক বাংলাদেশির বাস, যাদের অনেকের বাসাই বিদ্যুৎহীন আছে। অনেক বাংলাদেশির বাড়ি ও আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংযোগ পুরোপুরি চালু করতে আরো সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে আটলান্টিক সিটি ইলেকট্রিক এবং সাউথ জার্সি গ্যাস কোম্পানি জানান, তারা ইতিমধ্যে সিটির সকল বাড়িতে সংযোগ দিয়েছেন। কিন্তু বাড়ির ভিতরের সমস্যাগুলোর ব্যাপারে তারা কাজ করছেন না বলে জানান। যারা বাড়িতে থাকতে পারছেন না, তাদেরকে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজম্যান্ট এজেন্সির (ফেমা) পক্ষ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হোটেলে বিনামূল্যে থাকার সুযোগ দেয়া হয়েছে। এছাড়াও ফিমার পক্ষ থেকে বাড়ির মালিকদেরকে প্রাথমিকভাবে পরিবার অনুসারে ২ হাজার ৩৬০ ডলার দেয়া হচ্ছে। বাংলাদেশি অভিবাসীসহ স্থানীয় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিভিন্ন সংস্থা থেকে ত্রান বিতরণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১০৩৮ ঘ.