২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর পাচার করা অর্থ আসছে

সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই অর্থ দেশে আসবে বলে জানিয়েছেন দুদকের এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই অর্থ দেশে আসবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত বিষয়ক কমিশনার এম সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। দুদক কমিশনার বলেন, “আমরা আনুষঙ্গিক তথ্য উপাত্ত সিঙ্গাপুরে সরকারের কাছে পাঠিয়েছি। আমাদের জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে এই টাকা নিয়ে আসতে পারব।” বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ থেকে ২০০৬ এর মধ্যে আরাফাত রহমান কোকো অবৈধভাবে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকা পাচার করেন, যা মানি লন্ডারিং আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় দুদকের উপপরিচালক আবু সাঈদ বাদী হয়ে ২০০৯ এর মার্চ মাসে আরাফাত রহমান কোকো এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেনের ছেলে ইকবাল হোসেন সায়মনকে আসামি করে কাফরুল থানায় একটি মামলা করেন। আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিঙ্গাপুরের নাগরিক লিম ইউ চ্যাং ২০০৪ সালে সিঙ্গাপুর ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে একটি এ্যাকাউন্ট খোলেন, যার শর্ত ছিল চ্যাং এবং কোকোর যৌথ সাক্ষরেই এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। মূলত চট্টগ্রাম বন্দরে টার্মিনাল নির্মাণ এবং সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের যন্ত্রাংশ কেনার সুবাদে অবৈধভাবে অর্জিত অর্থই এই অ্যাকাউন্টে রাখা হতো বলে জানান আবু সাঈদ। ২০১১ সালে মানি লন্ডারিং আইনের আওতায় কোকোর ছয় বছরের কারাদ-ের পাশাপাশি ৩৮ কোটি ৮৩ লাখ টাকা জরিমানা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২১৩২ ঘ.