বরগুনা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধিবহির্ভূতভাবে একটি নিয়োগ দেয়ার অভিযোগে বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার বরগুনার সহকারী জজ আদালতে মামলাটি করেন আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রের অভিভাবক নাসির উদ্দিন মোল্লা এবং পরিচালনা কমিটির সদস্য হাজেরা খাতুন।
বিচারক আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
একইসঙ্গে মামলার বিবাদীদের ১০ দিনের মধ্যে কারণ দর্শানোরও আদেশ দিয়েছেন।
মামলার অন্য বিবাদীরা হলেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মুখতারুল ইসলাম ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগ দেয়ায় এ মামলা করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, নিয়ম অনুসারে ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ¯œাতকোত্তর পাশ হতে হবে। কিন্তু নির্বাচনের সময় দাখিল করা হলফনামা অনুসারে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান অষ্টম শ্রেণি পাশ। ফলে তিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার অযোগ্য।
সাংসদ সভাপতি মনোনয়ন দেয়ার ক্ষমতা বলে মাদ্রাসার অধ্যক্ষ বরাবর পৌর মেয়র মতিয়ার রহমানকে মনোনয়ন দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৫২ ঘ.
bdnews24