ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা অগ্রহায়ণকে জাতীয় নবান্ন দিবস এবং সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নবান্ন উদযাপন পর্ষদ।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এ বছরের নবান্ন উদযাপনের কর্মসূচি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্ষদের আহবায়ক শাহারিয়ার সালাম এ দাবি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা মুখ থুবড়ে পড়লে সামাজিক মূল্যবোধ ভূলুণ্ঠিত হয়। তাই ঐতিহ্যবাহী এ উৎসবকে জাতীয় রূপ দিতে পহেলা অগ্রহায়ণকে জাতীয় নবান্ন দিবস এবং সরকারি ছুটি ঘোষণার দাবি জানাচ্ছি।”
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় নবান্ন উৎসব উদযাপিত হয়ে এলেও অনুমতি না পাওয়ায় এবার উৎসব হবে রমনা বটমূলে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শাহারিয়ার সালাম বলেন, “আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি শিল্পাচার্য জয়নুল আবেদিন যেখানে উৎসব আয়োজন করতেন সেখানেই উদযাপন করার। বিগত বছরগুলোতেও অনুমতি পেতে বেগ পেতে হয়েছিল। আর এ বছর আমাদের অনুমতিই দেয়া হয়নি। চারুকলা অনুষদের এ আচরণে আমরা মর্মাহত।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, পহেলা অগ্রহায়ণ অর্থাৎ ১৫ নভেম্বর সকাল ৭টায় বাঁশীর সুরে নবান্নকে আহ্বান জানানো হবে। এরপর পরিবেশিত হবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, বাউলগান, আদিবাসী পরিবেশনা, নবান্ন কথন ও শোভাযাত্রা। প্রথম পর্বের অনুষ্ঠান চলবে সকাল ১১টা পর্যন্ত।
এরপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়; চলবে রাত ৯টা পর্যন্ত।
এ বছর উৎসবে ৩৫টি সংগঠনের প্রায় তিনশ শিল্পী অংশ নেবে। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সকাল থেকেই মেলা প্রাঙ্গনে থাকবে পিঠা মেলার আয়োজন।
অন্যদের মধ্যে পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান, কো-চেয়ার হাসিনা মমতাজ, সদস্য বাবুল বিশ্বাস, মানজারুল ইসলাম চৌধুরী সুইট, জসিম উদ্দিন হৃদয় প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৪৩০ ঘ.
bdnews24